এশীয় চারুকলা প্রদর্শনী: প্রস্তুতি চলছে
গতানুগতিক ধারার বাইরে গিয়ে শিল্পীরা মনোযোগ দিয়েছেন নিরীক্ষার দিকে। কেউ রং, আবার কেউ বিষয় নিয়ে নিরীক্ষা করছেন। চিকন তারের নেট, রড, কাঠসহ বিচিত্র ধরনের অনুষঙ্গ নিয়ে জাপানের শিল্পীদের ব্যস্ততা। নিরীক্ষাধর্মী স্থাপনাশিল্প তৈরিতে তাঁরা ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পকলা একাডেমীর চিত্রশালায়। এশীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ঢাকায় এসে জড়ো হয়েছেন শিল্পীরা। দেশের সবচেয়ে বড় শিল্পকর্ম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর ১৪তম আসর বসছে আগামী ৮ অক্টোবর। মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়া ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাংলাদেশসহ ৪৬টি দেশ প্রদর্শনীতে অংশ নেবে। পর্যবেক্ষক হিসেবে অন্যান্য মহাদেশ থেকে ১০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ২৬টি দেশ অংশগ্রহণ নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। এ সময় একাডেমীর মুশফিক আহমেদ শামীম, সারা আরা মাহমুদ, গোলাম সরওয়ার, প্রদর্শনীর সমন্বয়কারী জাফর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এ প্রদর্শনী শিল্পকলা একাডেমীসহ ঢাকার দুটি স্থানে একযোগে চলবে। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার বাইরে প্রদর্শনী চলবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। এ ছাড়া আন্তর্জাতিক এ প্রদর্শনী উপলক্ষ করে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। রাজধানীর অন্য গ্যালারিগুলোও বিশেষ প্রদর্শনীর আয়োজন করবে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে কামাল লোহানী জানান, এশীয় চারুকলা প্রদর্শনীকে সফল করতে সব প্রস্তুতি প্রায় শেষ করে আনা হয়েছে। এ উপলক্ষে বিমানবন্দর থেকে বিভিন্ন ভেন্যুতে যাওয়ার সড়কদ্বীপ, বহুতল ভবনের দেয়াল, ফুটওভারব্রিজ ও বিলবোর্ড উৎসবের রঙে সাজানো হবে। একটি ভেন্যু থেকে অন্যটিতে যাওয়ার জন্য থাকবে বিশেষ পরিবহনের ব্যবস্থা। আয়োজকেরা জানান, মাসব্যাপী এই অনুষ্ঠানে প্রদর্শনী ছাড়াও অনুষ্ঠিত হবে দুটি সেমিনার। গতকাল শিল্পকলা একাডেমীর চিত্রশালায় গিয়ে দেখা গেল, দেশ-বিদেশের শিল্পীরা ব্যস্ত শিল্পকর্ম সাজাতে। ১৯৮১ সাল থেকে দুই বছর পর পর এই দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে।মোহাম্মদ ইকবালের ‘ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স’ শিল্পী ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি লাভ করার পর জাপান সরকারের বৃত্তি নিয়ে টোকিও ইউনির্ভাসিটি অব আর্টস থেকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রভাষক। ইকবাল ইতিমধ্যেই চিত্রকলার জগতে বিশেষ স্থান করে নিয়েছেন এবং তাঁর প্রতিভার স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে বহুবার পুরস্কৃত হয়েছেন। ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে তাঁর একক চিত্রকর্ম প্রদর্শনী।‘ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স’ শিরোনামে চিত্রশিল্পী মোহাম্মদ ইকবালের একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। প্রদর্শনীতে শিল্পী মোহাম্মদ ইকবালের তেলরঙে আঁকা ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে, যেখানে রয়েছে কিছু গবেষণাধর্মী কাজ। মোহাম্মদ ইকবালের সৃষ্টিকর্ম অনেকটাই বিমূর্ত। তবে তারই মধ্যেই ধরা পড়ে মানুষ ও যাপিত জীবনের নানা অভিব্যক্তি। সভ্যতার পাশাপাশি ধ্বংসেরও যে নীরব খেলা চলে, তাও তিনি ফুটিয়ে তোলেন তুলির আঁচড়ে। আর এর মাধ্যম হিসেবে শিশুর মুখাবয়ব ব্যবহার করেছেন। শিশুর অভিব্যক্তির মধ্যে তিনি খুঁজেছেন যুদ্ধ, মহামারি কিংবা পরিবেশ-বিপর্যয়ের কথা। ব্যাখ্যা দিতে গিয়ে শিল্পী বলেন, আমার দেখা যুদ্ধের স্মৃতি খুঁজে ফিরেছি ছবিতে। প্রদর্শনী আগামী ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।