এশীয় চারুকলার উদ্বোধন আজ

জাতীয় চিত্রশালায় প্রবেশমুখে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর মোটিভ-সংবলিত নানা দেশের চিত্রকর্ম। নিচে ছোট্ট করে আঁকা দেশটির পতাকা। উৎসবের জন্য মাঠে প্রস্তুত হচ্ছে মঞ্চ। আজ সকালে উদ্বোধন হবে ১৬তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। শেষ প্রস্তুতির অংশ হিসেবে তখনো দেয়ালে রঙের প্রলেপ দিচ্ছিলেন নির্মাণশ্রমিকেরা। ফুলের টবগুলো আর দেয়ালের গা ঘেঁষে ফুলের গাছগুলোর পাশের ইটে চলছে রং চড়ানোর কাজ।
চিত্রশালায় ঢোকার মুখে শিল্পকর্ম নিয়ে কয়েকজন বিশ্বখ্যাত চিত্রকরের মন্তব্য চোখে পড়বে। একটিতে পাবলো পিকাসো বলেছেন, ‘যা কিছু কল্পনা করা যায়, তা-ই বাস্তব।’ ধীরে ধীরে ভেতরে গিয়ে দেখা গেল, অতিকায় সব বাক্স সারিবদ্ধভাবে রাখা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পকর্ম এসেছে ওগুলোতে করে। মনে হলো, সবগুলো গ্যালারি এখনো সাজানো শেষ হয়নি। শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আয়োজকেরা এতটাই ব্যস্ত যে কথা বলা তো দূরের কথা, দম ফেলার সময় নেই তাঁদের।
দ্বিতীয় তলায় চোখে পড়ল একটি কাফনে মোড়া লাশ, তার সামনে টাকা ভর্তি বাটি। বাটিটা সামনে রেখে থমকে গেছে আরেকটি মূর্তি। শুরুতে ভড়কে যেতে পারেন যে কেউ। ধীরে ধীরে এগুলোর সঙ্গে মিশে যেতে থাকবেন দর্শক। দেখা হবে মেঝেতে একটি আয়না, যেন কুয়া। কুয়ার ভেতরে যেন ভেসে আছে অনেকগুলো মানুষের মৃতদেহ। ঠিক তখনই চোখ চলে যাবে ছাদে, ফাইবার দিয়ে ঝোলানো কতগুলো মানুষের অবয়বে।
তৃতীয় তলায় রঙের ছড়াছড়ি। জীবন ও স্বপ্নের এমন কোনো রং নেই যা এখানে মিলবে না। এর মধ্যে ইরানি একজন শিল্পীর ভাস্কর্যে চোখ আটকে যায়। ধাতব একটি গাভীকে দেখা যায় একজন মানবীর স্তন্যপান করতে। মনে পড়ে যায় পাবলো পিকাসোর উক্তিটি, ‘যা কিছু কল্পনা করা যায়, তা-ই বাস্তব।’
শিল্পকর্মগুলো আছে আপনারই অপেক্ষায়। আপনি যাচ্ছেন তো আজ শিল্পকলার চিত্রশালায়?