এস আই টুটুলের 'নীল কষ্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস আই টুটুল
এস আই টুটুল

‘আমার নিজের একক অ্যালবাম প্রকাশ করার কোনো ইচ্ছে আপাতত নেই। যা করব, তা আমার ব্যান্ড ধ্রুবতারার নামেই করব।’ বললেন এস আই টুটুল। অনেক বছর পর অ্যালবাম তৈরি করছেন তিনি। অ্যালবামটি বের হবে এবার রোজার ঈদে।
এস আই টুটুল যে ধরনের গান করেন, তা থেকে এবার একটু সরে এসেছেন। পপ ধারার গান করছেন তিনি। বেশির ভাগ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে।
কী হবে অ্যালবামের নাম? নীল কষ্ট, অ্যালবামে এই শিরোনামে একটি গান রয়েছে। বললেন এস আই টুটুল।
নিজের একক অ্যালবাম ব্যান্ডের নামে কেন? এস আই টুটুল বলেন, ‘আমি যেকোনো অনুষ্ঠান কিংবা কনসার্টে ব্যান্ডের ছেলেদের সঙ্গে নিয়েই অংশ নিই। আমি অনেক দিন ধরে গান করছি। একটা ব্যাপার খেয়াল করেছি, নিজের আলাদা ক্যারিয়ারের দিকে যদি মন দিই, তাহলে ব্যান্ড পিছিয়ে যায়। ব্যান্ডের ক্ষতি হয়। এটা ঠিক না।’
জানালেন, নীল কষ্ট অ্যালবামটি প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন। প্রতিষ্ঠানটির পরিচালক (বিপণন) ইবনে হাসান খানের সঙ্গে এ ব্যাপারে তাঁর আলোচনা হয়েছে।
ধ্রুবতারার সর্বশেষ অ্যালবাম দুঃখ পোকা বেরিয়েছিল সাত বছর আগে। এটি ছিল ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম। আর প্রথমটি ছিল ধ্রুবতারা (২০০৫)।