এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি প্রদান অনুষ্ঠান
‘এস এম সোলায়মান একজন অসাধারণ ব্যক্তি। নাটকে সংগীত প্রয়োগে তাঁর সাফল্য ছিল বিশাল। নাটকে সংগীত প্রয়োগ করার মধ্য দিয়ে তিনি বাংলার মঞ্চে একটি নতুন ধারা তৈরি করেছিলেন। তাঁর চলে যাওয়ার মধ্য দিয়ে আমাদের থিয়েটার অনেক কিছুই হারিয়েছে।’ বলছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার। ৮ অক্টোবর শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ‘এস এম সোলায়মানের অভাব সারা জীবন নাট্যকর্মীরা অনুভব করবেন। তাঁর রেখে যাওয়া বিশাল ভান্ডার তরুণ নাট্যকর্মীদের আরও এগিয়ে দেবে বলে আমার বিশ্বাস।’নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মানের স্মৃতি রক্ষার্থে তরুণ নাট্যকর্মীদের সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য ২০০৬ সাল থেকে থিয়েটার আর্ট ইউনিট এ প্রণোদনা বৃত্তি দিয়ে আসছে। এবার ২০০৯ ও ২০১০ সালের বৃত্তি একসঙ্গে দেওয়া হয়। ২০০৯ সালের বৃত্তি পেয়েছেন সেন্টার ফর এশিয়ান থিয়েটারের শাহাদৎ হোসেন, আর ২০১০ সালের উদীচীর আনোয়ারুল হক। অনুষ্ঠানে এ দুজনের হাতে সম্মাননা স্মারক হিসেবে একটি করে ক্রেস্ট ও নগদ ১০ হাজার করে টাকার বৃত্তি তুলে দেন রামেন্দু মজুমদার। প্রণোদনা বৃত্তি পাওয়ার অনুভূতি জানিয়ে আনোয়ারুল হক বলেন, ‘ঢাকার মঞ্চে অসংখ্য ভালো তরুণ অভিনেতার মধ্যে আমাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আমি খুবই খুশি। এটা আমার থিয়েটার-জীবনে এক বিরল প্রাপ্তি। এই পুরস্কার আগামী দিনে আমাকে আরও ভালো কাজ করার উৎসাহ জোগাবে।’ আর শাহাদৎ হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এস এম সোলায়মান নামের সঙ্গে থিয়েটার আজীবন জড়িয়ে থাকবে। তাঁর নামে বৃত্তি পাওয়াটা অনেক বড় বিষয়। আত্ববিশ্বাস এবং দায়িত্ব যেমন বাড়িয়ে দিয়েছে, তেমনি এই স্বীকৃতি আশা করছি আরো ভালো কাজে উৎসাহিত করবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকেয়া রফিক বেবী। এস এম সোলায়মান স্মারক বক্তব্য দেন অধ্যাপক রতন সিদ্দিকী। বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে থিয়েটার আর্ট ইউনিটের নিজস্ব প্রযোজনা কোর্ট মার্শাল মঞ্চস্থ হয়।