এসএ গেমসের জাঁকজমকপূর্ণ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিকেলে উঠছে এসএ গেমস ২০১০-এর পর্দা। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে ১২ দিনব্যাপী এই মহাযজ্ঞ। জানা গেছে, বেলা তিনটা ৫৫ মিনিটে মশাল প্রজ্বালন ও প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে শুরু হবে এই আয়োজন। ‘মানুষ জেগেছে জেগেছে মানবতা’—প্রার্থনা সংগীতটি গাইবেন রুনা লায়লা। এরপর ‘এসএ গেমস ২০১০’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর ‘স্বাগতম সু-স্বাগতম’ উদ্বোধনী সংগীত গাইবেন সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর ও শুভ্র দেব। দুটি গানই লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে একটি পর্ব।উদ্বোধনী দিনে আরও রয়েছে মুনমুন আহমেদের নৃত্য পরিচালনায় এবং অংশগ্রহণে গীতিনাট্য ‘নাচোলের রানী’। সৈয়দ অহিদুজ্জামানের চিত্রনাট্য ও পরিচালনায় এই গীতিনাট্যে অংশ নিচ্ছে পাঁচ শতাধিক আদিবাসী।রাতে লেজার লাইটে শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার পরিচালনায় প্রদর্শিত হবে অ্যাকোয়েটিক শো।এই আয়োজন শেষ হবে ৯ ফেব্রুয়ারি। ওইদিনও রয়েছে আকর্ষণীয় সব অনুষ্ঠান। মোহাম্মদ রফিকুজ্জামানের কথা ও সুজেয় শ্যামের সংগীত পরিচালনায় সমাপনী সংগীত গাইবেন রফিকুল আলম, কনকচাঁপা ও এস আই টুটুল। আর বিদায়ী পুঁথিসংগীত গাইবেন আবু বকর সিদ্দিক। দুটি আয়োজনই বিটিভি সরাসরি সম্প্রচার করবে।