
বৃষ্টি রংতুলির আঁচড়
এসএ টিভিতে ঈদের পরদিন বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি বৃষ্টি ও রংতুলির আঁচড়। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তারিন প্রমুখ। এক দুর্ঘটনায় তারিন তার পা হারায়। হুইলচেয়ারে চলাফেরা করে। পাশের বাড়ির ছাদ থেকে হঠাৎ মাহফুজের চোখে পড়ে তারিন। এত দিন যার ছবি সে এঁকে আসছিল, এ সেই মেয়ে। দৌড়ে গিয়ে মাহফুজ তার মাকে ডেকে আনে। তারিনকে দেখিয়ে বলে, মা, এই আমার সেই ছবির মেয়ে। মাহফুজের মা খুব অবাক হয়। সত্যি তো মাহফুজ এই মেয়েটির ছবিই প্রতিদিন আঁকে।
অ্যালিয়েন ও রূম্পার্রগল্প
এসএ টিভিতে ঈদের তৃতীয় দিন বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি অ্যালিয়েন ও রূম্পার গল্প। লিখেছেন ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ। অভিনয় করেছেন তিশা, তাহসান প্রমুখ।
দুজন ব্যক্তি আলোচনা করছে। আলোচনার বিষয় ‘মানুষ, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ও কার্যকলাপ’। আলোচনার মধ্যে বোঝা যায় যে দুজন ব্যক্তি আলোচনা করছে, তারা আসলে কেউই মানুষ নয়। তারা পৃথিবীর বাসিন্দাও নয়। তারা বহুদিন ধরে মানুষের ওপর গবেষণা করছে। মানুষের অনেক কিছুই তারা বুঝতে পারলেও একটি রহস্য তাদের কাছে পরিষ্কার নয়, তা হলো মানুষের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য—একে অপরকে ভালোবাসা; যা আসলে অ্যালিয়েন সমাজে নেই।
সোনালি রৌদ্রের রং দেখিয়াছি

এসএ টিভিতে ঈদের দিন বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি সোনালি রৌদ্রের রং দেখিয়াছি। লিখেছেন ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শাহেদ শরীফ খান, প্রসূন আজাদ, বন্যা মির্জা প্রমুখ। তৌকীর জমিদারের ছেলে। একাকী জীবন যাপন করে। একদিন পথে অসহায় এক নারী ও তার দাদার সঙ্গে দেখা। তাদের সে বাড়িতে নিয়ে আসে। মেয়েটিকে বাড়ি দেখাশোনার ভার দেওয়া হয়। কিন্তু মেয়েটি বারবার তৌকীরকে বিয়ের অনুরোধ জানায়। তৌকীর বিয়ে করবে না। মেয়েটি তখন অন্য কারও সঙ্গে সংসার করার পরিকল্পনা করে। একদিন সুযোগ বুঝে তৌকীরের সব অর্থ আর দামি জিনিস নিয়ে সে পালিয়ে যায়।