এসএ টিভিতে ছয় নির্মাতার ছয় নাটক

অমিতাভ রেজা, অনিমেষ আইচ, সুমন আনোয়ার, বদরুল আনাম সৌদ, মাসুদ হাসান উজ্জ্বল এবং ওয়াহিদ আনাম—প্রতিভাবান এই ছয় নির্মাতার নাটক প্রচার করবে এসএ টিভি। দর্শকদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে নাটকগুলো নির্মাণের উদ্যোগ নিয়েছে এসএ মাল্টিমিডিয়া প্রোডাকশন।
এসএ টিভি সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দর্শকদের বিশেষ কিছু উপহার দিতেই নির্মাতানির্ভর নাটক প্রচারের এ উদ্যোগ। ছয়টি নাটকের মধ্যে রয়েছে অমিতাভ রেজার ‘সারফেস’, সুমন আনোয়ারের ‘তার বাবা গডফাদার’, অনিমেষ আইচের ‘কুন্ডুলে’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘অক্ষয় কোম্পানির জুতা’, বদরুল আনাম সৌদের ‘ছবির মতো গল্প’ এবং ওয়াহিদ আনামের ‘অন্দরে আলো’।
এরইমধ্যে নাটকগুলোর শুটিং শুরু হয়েছে। ঢাকা, কেরানীগঞ্জ, গাজীপুর, সুন্দরবনসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকগুলোর শুটিং হবে। এসএ টিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে নাটকগুলো।