এসবি অফিসার শাহরিয়ার শুভ!
এই প্রথম কোনো নাটকে আমাকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অফিসার হিসেবে দেখা যাবে। সোহেব আলম ও আতিক রহমান পরিচালিত নাটকটির নাম হচ্ছে ‘নোঙর’। সম্প্রতি ঢাকা এবং পূবাইলে নাটকটির কিছু অংশের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। আর এ নাটকটিতে শাহরিয়ার শুভকে একজন চৌকস এসবি অফিসার হিসেবে অভিনয় করতে দেখা গেছে। নাটকটিতে কাজ করা প্রসঙ্গে শুভ বলেন, ‘নাটকটির জন্য কাজ করতে গিয়ে যখন পোশাক পরেছিলাম, তখন নিজেকে সত্যি সত্যিই স্পেশাল ব্রাঞ্চের লোক হিসেবেই মনে হয়েছিল। এমনকি শুটিংয়ে উপস্থিত অনেকেই সত্যিকারের এসবি অফিসার মনে করেছিল আমাকে। এটা আসলে অন্য রকম অনুভূতি ছিল আমার জন্য।’ এ ছাড়া বর্তমানে শুভ আরও বেশ কয়েকটি নাটকে কাজ করছেন। নির্মাতারা হলেন শহীদুজ্জামান সেলিম, দীপঙ্কর দীপন ও শাহীন কবির। শুভ বলেন, ‘সামনে আরও কয়েকটি এক ঘণ্টার নাটকের কাজ করার সম্ভাবনা আছে। এক ঘণ্টার নাটকগুলো ছাড়াও আরও একটি নতুন ধারাবাহিকে কাজ শুরু করতে যাচ্ছি। এর পুরোটাই চিত্রায়িত হবে মালেশিয়ায়। নাটকটির নাম হচ্ছে “মালেশিয়ার জরিনা”।’ নতুন নাটকগুলো ছাড়া বর্তমানে বিভিন্ন চ্যানেলে চলছে শুভ অভিনীত বেশ কয়েকটি ধারবাহিক নাটক। এগুলো হচ্ছে বাংলাভিশনে ‘ম্যাড ভাই’, এনটিভিতে ‘ধূপছায়া’ ও বৈশাখিতে ‘সর্ম্পক’ এবং ‘মেস মেম্বার আবশ্যক’।