এসিডদগ্ধদের সহায়তায় রিংকুর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার সন্ধ্যা। ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এতটুকু জায়গা খালি নেই। দর্শকদের মধ্যে তরুণের সংখ্যাই বেশি। নির্ধারিত সময়ের কিছু পরে মঞ্চে এলেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। শুরুতেই গাইলেন ‘আমার পরান পাখি, দিয়া ফাঁকি কই গেলি কই...’। লোকগান দিয়ে শুরু করে রিংকু একে একে শোনালেন ৩৫টি গান। সব কটিই লোকজ। গানগুলোর মধ্যে ছিল ‘বাউল মন’, ‘দেখ দেখ মন রাই’, ‘হাওয়ার গাড়ি’, ‘অসময়ে বাঁশি বাজায় কে রে’, ‘জানিতে চাই দয়াল তোমার আসল নামটি’, ‘আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা’ ইত্যাদি। মাঝে সামান্য বিরতি দিয়ে দুই ঘণ্টারও বেশি সময় গান করেছেন রিংকু। অনুষ্ঠানের শেষ গান ছিল ‘কানার হাটবাজার’। রিংকুর এ অনুষ্ঠানটি আয়োজন করেছে সম্পর্ক নামের একটি সংগঠন। রিংকু জানান, এ অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ দেওয়া হবে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলে।