
হোসে পাদিলহা নিজেই নিজেকে পরিচয় করিয়ে দেন একজন ব্যর্থ মানুষ হিসেবে। অক্সফোর্ডের ছাত্র। পড়াশোনা করেছেন রাজনীতি বিজ্ঞান নিয়ে। অথচ হয়ে গেলেন চলচ্চিত্র নির্মাতা। কেন বাপু, ছবিই যদি বানাবেন, সেটা নিয়ে পড়লেই তো হতো!
ব্রাজিলিয়ান এই পরিচালক নিজেই মিষ্টি হেসে বলেন, ‘জীবনে অনেক কিছুই করতে চেয়েছি, অনেক কিছু শুরুও করেছি, কিন্তু শেষ করা হয়নি। এর পরই আসলে আমি হয়ে গেছি চলচ্চিত্র নির্মাতা।’
কথাটা মন্দ বলেননি। ব্রাজিলে পড়াশোনা করেছেন পদার্থবিজ্ঞান নিয়ে। সেটা বাদ রেখে ব্যাংকিং খাতে কাজ শুরু করলেন, অঙ্কটা ভালো বোঝার সুবিধার্থে সহজে চাকরি জুটবে বলে। ভাবলেন, এই করেই খেতে হবে যখন, পড়াটা শেষ করা যাক। স্নাতক সম্পন্ন করলেন ব্যবসায় প্রশাসন নিয়ে। উচ্চতর ডিগ্রি নিতে অক্সফোর্ডে এলেন। কিন্তু এবার একেবারে অন্য পথে হেঁটে বেছে নিলেন রাজনীতি-অর্থনীতি!
এর পরই জীবনটা পাল্টে গেল। একটা প্রামাণ্যচিত্র বানাতে বসলেন শখের বশে। আর সেটা বানাতে গিয়েই বুঝলেন, কাজটা তিনি কত ভালোবাসেন। তাঁর বাবা পেশায় চলচ্চিত্র প্রযোজক। লাইক-ক্যামেরা-অ্যাকশনের মোহধ্বনির সঙ্গে পরিচয় ছিল ছেলেবেলা থেকেই।
আর তাই ‘ব্যর্থ মানুষ’ পাদিলহা অবিশ্বাস্য সাফল্য পেয়ে গেলেন চলচ্চিত্র দুনিয়ায়। ২০০২ সালে বানানো তাঁর সেই পর্তুগিজ ভাষার প্রামাণ্যচিত্র বাস ১৭৪ প্রথম দফাতেই এনে দিল সাফল্য। জীবনের মোড় ঘুরে গেল প্রথম কাহিনিচিত্র বানাতে গিয়েই। ২০০৭ সালে বানালেন এলিট স্কোয়াড। পরের বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে এই ছবি জিতে নিল স্বর্ণভল্লুক। বার্লিন জয়ের পর পাদিলহা পেয়ে গেলেন আন্তর্জাতিক পরিচিতি।
সেই পাদিলহা প্রথমবারের মতো হলিউডে কাজ করছেন। আর প্রথমেই বড় দাও মেরে বসলেন। রোবোকপ-এর মতো ভীষণ জনপ্রিয় একটি চরিত্র নিয়ে ছবি বানানোর সুযোগ। গত সপ্তাহে মুক্তি পেয়েছে রোবোকপ। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া রোবোকপ-এর রিমেক এই ছবিটি। মজার ব্যাপার হলো, আসল রোবোকপও কিন্তু কোনো মার্কিন পরিচালক বানাননি। বানিয়েছিলেন ডাচ নির্মাতা পল ভেরহোভেন।
ছবির গল্প ২০২৯ সালের। অ্যালেক্স মারফি, প্রেমময় একজন স্বামী, স্নেহশীল বাবা এবং দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা, যে ডেট্রোয়েটের অপরাধীদের পিছে ছুটছে। দায়িত্ব পালনরত অবস্থাতেই মারফি গুরুতর আহত হয়। ওমনিক্রপ নামের প্রতিষ্ঠানটি রোবটিকস প্রযুক্তি ব্যবহার করে মারফির জীবন বাঁচায়। নতুন জীবন ফিরে পায় মারফি, যে জীবন আসলে তার নয়। রোবটের শরীরে বসানো মানব মস্তিষ্ক—এই অদ্ভুত রোবট-পুলিশ আবার নেমে পড়ে তাঁর কাজে।
চেনা গল্প। তবে অচেনা পরিচালকের চোখ দিয়ে ছবিটিকে দর্শকেরা দেখবে বলে এই চেনা গল্পেও নতুনত্বের স্বাদ তো পাবেই। তা ছাড়া আগের রোবোকপ-এর সময়কার সঙ্গে এখনকার ভিজ্যুয়াল ইফেক্টের আকাশ-পাতাল পার্থক্য।
মজার ব্যাপার হলো, এই ছবি কিন্তু পাদিলহার পরিচালনা করারই কথা ছিল না। ছবির পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন ব্ল্যাক সোয়ানখ্যাত পরিচালক ড্যারেন অ্যারোনফস্কি। কিন্তু নানামুখী জটিলতায় কাজ এগোচ্ছিল না। এমন সময়ই সনি পিকচার্সের অফিসে নতুন ছবি নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন পাদিলহা। এলিট স্কোয়াড দেখার পর পাদিলহাকে হলিউডে নিয়ে আসতে মুখিয়ে ছিল সনি। তারা পাদিলহাকে অনেকগুলো ছবির কাহিনি বলছিল। কিন্তু কোনোটাই মনে ধরছিল না। ব্যাটে-বলে মিলছে না, আলোচনা ভেস্তে যাচ্ছে এমন সময়ই সনির অফিসের দেয়ালে রোবোকপ-এর একটি পোস্টার ঝুলতে দেখেন পাদিলহা। তখনো প্রস্তাব পেড়ে বসেন, ‘আমি এই ছবিটা করতে চাই।’
ছবিটার জন্য তিনি অনেক খেটেছেন। এমনিতে রোবটিকস তাঁর প্রিয় বিষয়গুলোর একটি। নতুন করে পড়ে পড়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। নতুন প্রেক্ষাপটে ছবির গল্প নির্মাণ করেছেন। হলিউড জয় করা পাদিলহার হবে কি না কে জানে। তবে সাফল্য-ব্যর্থতা নিয়ে ভাবছেন না ‘ব্যর্থ মানুষ’ পাদিলহা। হলিউডে শিকড় গাড়ারও ইচ্ছা নেই।
এরপর কী করবেন, সেটা ঠিক করাই আছে। ব্রাজিলে ফিরে যাবেন। গত দুই বছর রিওতে নাকি পাঁচ হাজার মানুষ নিখোঁজ হয়েছে। এর পেছনে পুলিশ আর রাজনীতির হাতও আছে বলে দাবি পাদিলহার। সেই রহস্যের মীমাংসা করতে বানাবেন একটা প্রামাণ্যচিত্র।
রাজীব হাসান
এলএ টাইমস অবলম্বনে