এসে গেছে 'ডিফেন্ডারস'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য ডিফেন্ডারস’-এর পোস্টার। ছবি: সিবিএন
‘দ্য ডিফেন্ডারস’-এর পোস্টার। ছবি: সিবিএন

সুপারহিরো বানানোর কারখানা থেকে উঠে এসেছে আরেকটি নতুন সুপারহিরো বাহিনী। জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান নেটফ্লিক্স ইতিমধ্যেই নাম কুড়িয়েছে সুপারহিরো টিভি সিরিজ বানিয়ে। মার্ভেল কমিকসের চার সুপারহিরোকে একত্র করে দল বানিয়েছে নেটফ্লিক্স। ‘দ্য ডিফেন্ডারস’ প্রচারিত হচ্ছে ‘নারকোসে’র মতো জনপ্রিয় সিরিজ প্রযোজনাকারী প্রতিষ্ঠান নেটফ্লিক্সে।

ছাপানো কমিকসের যুগে বেশ জনপ্রিয়তা পেয়েছিল ডেয়ারডেভিল। অন্ধ আইনজীবী ম্যাট মারডকের বিভিন্ন অভিযানকে চমৎকার টিভি সিরিজে রূপ দিয়েছিল নেটফ্লিক্স। ২০০৩ সেলুলয়েডের পর্দায় মুখ থুবড়ে পড়েছিল বর্তমানের ‘ব্যাটম্যান’ বেন অ্যাফ্লেক অভিনীত ডেয়ারডেভিল সিনেমা। সেই ডেয়ারডেভিলকে আবারও জনপ্রিয় করে তুলেছে নেটফ্লিক্স। এখন পর্যন্ত ২টি সিজন মুক্তি পেয়েছে এই টিভি সিরিজের।

ডিফেন্ডার টিভি সিরিজেও আছে ডেয়ারডেভিল। তার অন্য তিন সঙ্গী হিসেবে আছে জেসিকা জোনস, লুক কেইজ ও আয়রনফিস্ট। এই চারজনের দুর্দান্ত দলের নামই ডিফেন্ডার। মাত্র আট এপিসোডেই জমজমাট এক কাহিনি ফেঁদেছে নেটফ্লিক্স। তবে সমালোচকদের দাবি, প্রথম তিনটি এপিসোড নাকি একটু বেশি ঢিমেতালের!
এর আগেও সুপারটিম বানিয়ে দর্শকপ্রিয় হয়েছে মার্ভেল। তবে সেটা চলচ্চিত্রে। ধনকুবের-উদ্ভাবক টনি স্টার্ক ওরফে আয়রনম্যান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের সৈন্য স্টিভ রজার্স ওরফে ক্যাপ্টেন আমেরিকা, নর্স পুরাণের বজ্র দেবতা থর আর বিজ্ঞানী ব্রুস ব্যানার ওরফে হাল্ক আর এক জোড়া গুপ্তচর নিয়ে সৃষ্টি হয়েছিল দুর্ধর্ষ এক সুপারটিম, অ্যাভেঞ্জারস। এখন পর্যন্ত দুটি ছবি বেরিয়েছে এই দলের—‘অ্যাভেঞ্জারস’ এবং ‘অ্যাভেঞ্জারস ২’। তবে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবিতেও দেখা গেছে এই সুপারহিরোদের।
অ্যাভেঞ্জারসের পর এবার কি তবে ডিফেন্ডারস যুগ?