
কাট! চেঁচিয়ে উঠলেন ‘ডিরেক্টর’ লেখা চেয়ারটায় বসে থাকা ভদ্রলোক। এতক্ষণে মনিটরে আবদ্ধ ছিল চোখজোড়া। এবার ওপরে তাকালেন। চোখেমুখে বিরক্তি। কিছুই যেন পছন্দ হচ্ছে না। হ্যাটের আড়াল থেকে এবার স্পষ্ট হলো চেহারা। এ কী, ইনি যে আর কেউ নন, স্বয়ং অ্যাডলফ হিটলার!
সত্যি সত্যিই এমনটা হলে আত্মারাম খাঁচাছাড়া না হোক, চোখ ছানাবড়া হবে নির্ঘাৎ। পরিচালকের চেয়ারে কিনা হিটলার! এমনটা হয়তো এখন আর ঘটার সম্ভাবনা নেই। তবে মাইকেল বে’র সঙ্গে যাঁদের কাজ করার অভিজ্ঞতা আছে, তাঁরা প্রত্যেকে হয়তো দুঃস্বপ্নে এমন দৃশ্যই দেখেন।
মেগান ফক্স তো পালিয়ে বেঁচেছেন। শুধু তা-ই নয়, নিজের ক্যারিয়ারটা কামানের মুখে বসিয়ে দিয়ে মেগান মন্তব্য করেছিলেন, বে’র কাজ করার ধরন তাঁর পছন্দ হয় না। কারণ বে হিটলারের মতো! ট্রান্সফরমারস সিরিজের আরেক তারকা শিয়া লাবাফও ভেগেছেন। মুখে অবশ্য তিনি দাবি করেছিলেন, একই চরিত্র করে করে ভালো লাগছে না। কিন্তু সোনার ডিমপাড়া হাঁস কেউ বাজারে জলের দরে বিকিয়ে দেয়? আরনল্ড শোয়ার্জেনেগার টার্মিনেটর আর টম ক্রুজ কি মিশন ইম্পসিবল-এর মায়া ছাড়তে পারেন?
মেগান নেই, লাবাফও নেই। স্যাম উইটউইকি আর মিকায়েলাকে ছাড়াই ট্রান্সফরমারস সিরিজের নতুন ছবি দেখতে হবে ভক্তদের। আগামীকাল মুক্তি পাচ্ছে সিরিজের চতুর্থ ছবি এজ অব এক্সটিঙ্কশন । লাবাফ তৃতীয় ছবিটাতেও ছিলেন। দ্বিতীয় ছবিটি করেই বিদায় নেওয়া মেগানের সৌন্দর্যের ঘাটতি পোষাতে স্যামের নতুন প্রেমিকা হিসেবে হাজির করা হয়েছিল কার্লি স্পেনসারকে। যে চরিত্রে অভিনয় করেছিলেন রোজি হান্টিংটন-হুইটলি।
লাবাফও চলে যাওয়ার পর বে নতুন করে কাহিনি নিয়ে ভাবেন। এবার গল্পের কেন্দ্রে কেড ইয়েগার নামের এক মেকানিক, যিনি তাঁর মেয়ে টেসার পড়াশোনার খরচ জোগানোর জন্য একটা ধুলোমলিন ট্রাক কিনে আনেন। পরে আবিষ্কৃত হয়, এই ট্রাকটাই অটোবট নেতা অপ্টিমাস প্রাইম।
সেই অর্থে এই ছবির নায়ক আর কোনো উঠতি তরুণ নয়। কেডের চরিত্রে অভিনয় করেছেন চল্লিশ পেরোনো মার্ক ওয়ালবার্গ। তা না হয় মানা গেল। কিন্তু ট্রান্সফরমারস সিরিজে অটোবটস আর ডেসিপটিকনস নেই, এটাও মানা যায়; কোনো আগুনজ্বলা রূপসী থাকবে না, এটা মানা অসম্ভব! ঘাবড়ানোর কিছু নেই। এসে গেছেন নিকোলা পেলজ।
এই মার্কিন অভিনেত্রী অনেকের কাছেই অচেনা। ২০১০ সালে মুক্তি পাওয়া দ্য লাস্ট এয়ারবেন্ডার দেখে থাকলে ‘দেখে যেন মনে হয় চিনি উহারে’ ভাবনার উদয় হতে পারে। বেশ ব্যবসাসফল এই ফ্যান্টাসি ছবিতে ১৪ বছর বয়সী কাটারার ভূমিকায় অভিনয় করেছেন নিকোলা।
কিন্তু সেই নিকোলা আর এই নিকোলার মধ্যে অনেক পার্থক্য। সেদিনের ১৪ বছর বয়সী কিশোরিটি যে শুঁয়াপোকা থেকে প্রজাপতি হয়ে গেছে! এখন ১৯ বছর বয়সের এক চঞ্চলা হরিণী। ধনকুবের বাবা আর সাবেক মডেল মায়ের সন্তান নিকোলা এরই মধ্যে বে’র মন জয় করেছেন। আর বে’র মতো খুঁতখুঁতে পরিচালকের মন জয় করা মানে হলিউডে একটা দীর্ঘস্থায়ী ক্যারিয়ারের নিশ্চয়তাপত্র।
শুধু তা-ই নয়, নিকোলা এমন দাবিও করেছেন, ‘হিটলার’ বে’র সঙ্গে কাজ করতে গিয়ে মোটেও অসুবিধা হয়নি তাঁর, ‘ওর তর্জন-গর্জনে আমি মোটেও ভয় পাইনি। মাইকেল আসলে তার কাজের ক্ষেত্রে একজন জিনিয়াস। ও যা করে, ১১০ ভাগ উজাড় করে দিয়ে করে। স্বাভাবিকভাবেই ও চায়, বাকিরাও একইভাবে উজাড় করে দিয়ে কাজ করুক।’
ক্যারিয়ারের শুরুতেই বে’র মতো পরিচালকের সঙ্গে কাজ করার পরও যে হাসিমুখে থাকতে পারে, হলিউড নামের দূরপাল্লার ম্যারাথন দৌড়েও যে সে টিকে যাবে, বলাই বাহুল্য। ছয় ভাই আর এক বোনের সঙ্গে বেড়ে ওঠা নিকোলা একসময় আইস হকিতেও মজা খুঁজে পেতেন বেশি। এক ভাই ব্র্যাড তো ওটোয়া সিনেটরস দলের হয়ে পেশাদার আইস হকি খেলেন। মাধ্যমিক স্কুলের ড্রামা ক্লাসেই হুট করে একদিন অভিনয়ের প্রতি নিজের সুপ্ত ভালোবাসা খুঁজে পান আদরের দুলালি।
তাঁর মা নিজে এই অঙ্গনের দীর্ঘ লড়াইয়ে টিকতে না পেরে শেষ পর্যন্ত ধনীর দুলালকে বিয়ে থা করে সংসারী হয়েছিলেন। মেয়ে যখন হলিউডে ক্যারিয়ার গড়ার পণ করল, শুরুতেই মা তাই সাবধান করে দিয়েছিলেন। বলে দিয়েছিলেন, এখানে প্রতিমুহূর্তে কতটা লড়াই করে টিকে থাকতে হয়। নিকোলা সেটি মনে করিয়ে দিয়ে মিষ্টি হেসে বলেছেন, ‘এতগুলো ভাইয়ের সঙ্গে মারপিট করে বেড়ে ওঠা মানে আপনি কিছুতেই হাল ছেড়ে দেওয়ার নন।’
ট্রান্সফরমারস সিরিজ তাঁর জন্য বিশেষ একটা অনুভূতিও এনে দিয়েছে। ছোটবেলায় ভাইদের সঙ্গে এর চরিত্রগুলো নিয়ে বানানো পুতুল দিয়ে কত খেলেছেন! এখন তিনিই সেই চরিত্রগুলোর সঙ্গে একই পর্দায়! ‘আমার সব ভাই-ই টিকিট চাইছে প্রিমিয়ারের। কিন্তু আমরা পরিবারেই তো আছি ১০ জন। ১১টা টিকিট পেলেই হয়তো আমার সবচেয়ে কাছের বন্ধুটাকে নিতে পারতাম, কিন্তু এদিকে আমার দাদিও যেতে চায়। সবাই মিলে গেলে তো এত মানুষের জায়গাই হবে না থিয়েটারে!’
রাজীব হাসান
ভ্যানিটি ফেয়ার অবলম্বনে