এসেই ব্যস্ত টুটুল
আড়াই মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর দেশে ফিরেই একক অ্যালবাম আর প্লেব্যাক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সংগীতশিল্পী এস আই টুটুল। ৩ জুন দেশি মিউজিকের কর্ণধার মনিরুজ্জামানের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে বিভিন্ন প্রদেশে ১১টি কনসার্টে গান করেন। ১৭ আগস্ট দেশে ফেরেন তিনি। মুঠোফোনে জানান, দীর্ঘদিন দেশে না থাকায় অনেক কাজ জমা হয়ে গেছে। তাই এসেই ঠিকমতো ঘুমানোর সময় পাননি। নিজের একক অ্যালবামের কাজ ধরেছেন। এবার ঈদেই অ্যালবামটি বের করতে চান। ইতিমধ্যেই অ্যালবামের বেশ কটি গান রেকর্ড হয়ে গেছে। অ্যালবামের নাম এখনো ঠিক না করলেও দুটি নাম পছন্দ তাঁর—ঠিকানা বা দুঃখবন্ধু। কোনটি রাখবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। এদিকে গতকাল বুধবার তিনটি চলচ্চিত্রের তিনটি গান প্লেব্যাক করেন টুটুল। জানা গেছে, দুপুরে সাসটেইন স্টুডিওতে আলী আকরামের সুরে জাকির হোসেনের মনের ঘরে বসত করে ছবির দ্বৈত একটি গানে কণ্ঠ দেন কানিজ সুবর্ণার সঙ্গে। এরপর বিকেলে সত্যগীত স্টুডিওতে ইমন সাহার সুরে শাহীন সুমনের নবাবজাদা এবং রাতে ভিসটেক স্টুডিওতে শওকত আলী ইমনের সুরে সোহানুর রহমান সোহানের পরান যায় জ্বলিয়া ছবির শিরোনাম গানে কণ্ঠ দেন।