এসেছে তিনটি ভারতীয় বাংলা ছবি
দেশে ভারতীয় ছবি প্রবেশ করেছে। চলচ্চিত্র সেন্সর বোর্ড ও তথ্য মন্ত্রণালয় তিনটি ভারতীয় চলচ্চিত্রকে বিমানবন্দর থেকে দেশে প্রবেশের জন্য অনাপত্তিপত্র দিয়েছে। ছবিগুলো হলো জোর, বদলা ও সংগ্রাম। এরই মধ্যে ছবি তিনটির আমদানিকারকেরা সেন্সর বোর্ডের অনাপত্তিপত্র দেখিয়ে বিমানবন্দর থেকে তা ছাড়িয়ে এনেছেন।জানা গেছে, চলতি সপ্তাহে ছবিগুলো ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার বললেন, ‘আদালতের সিদ্ধান্তেই তিনটি ছবির ব্যাপারে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।’গত বছর বাণিজ্য মন্ত্রণালয় আমদানি নীতিমালায় দেশে ভারতীয় ছবি প্রবেশের ব্যাপারে বিধিনিষেধ তুলে নেয়। ওই সময় বাংলাদেশের প্রদর্শকেরা দ্রুত একাধিক ভারতীয় ছবি আমদানি করে। এরপর চলচ্চিত্রশিল্পী ও নির্মাতাদের আন্দোলনের মুখে সরকার ভারতীয় ছবি আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করে। পরে প্রদর্শকেরা উচ্চ আদালতে রিট আবেদন দাখিল করেন। আদালত তাঁর রায়ে ভারতীয় ছবি আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করার আগে যে ছবিগুলোর জন্য এলসি করা হয়েছিল; সেই জোর, বদলা ও সংগ্রাম ছবি তিনটিকে অনাপত্তিপত্র দেওয়ার নির্দেশ দেন। প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে আমরা ছবিগুলোর মুক্তির তারিখ ঘোষণা করব। পর্যায়ক্রমে সারা দেশেই ছবিগুলো প্রদর্শন করা হবে।’ ভারতীয় ছবি আমদানির ব্যাপারে জানতে চাইলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর বলেন, ‘আমরা এই ছবি তিনটি প্রদর্শনের বিরুদ্ধে অবস্থান নেব। দ্রুত এ বিষয়ে চলচ্চিত্রসংশ্লিষ্ট সব সংগঠনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ জানা গেছে, তিনটি ভারতীয় বাংলা চলচ্চিত্রের সঙ্গে একই সময়ে বাংলাদেশের প্রদর্শকেরা ভারতীয় হিন্দি ছবি আমদানির জন্যও ঋণপত্র (এলসি) খুলেছিলেন। সেই ছবিগুলোর মধ্যে রয়েছে থ্রি ইডিয়টস, মাই নেম ইজ খান, তারে জমিন পার, রং দে বাসন্তী, দাবাং, ম্যায় হুঁ না, কাভি আল বিদা না কেহনা, ওম শান্তি।চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বললেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পরই আমরা ভারতীয় বাংলা ও হিন্দি ছবি আমদানির জন্য এলসি খুলেছিলাম। এরই মধ্যে উচ্চ আদালত থেকে নয়টি ছবি আনার জন্য আমরা রায় পেয়েছি। এ মাসেই নয়টি ভারতীয় ছবি দেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। তখন আদালতের রায় নিয়ে আমরা সেন্সর বোর্ডের কাছে ছবিগুলো দেশে প্রবেশে অনাপত্তিপত্র নেব।’