ঢাকার মঞ্চে এসেছে আরেকটি নতুন নাটক। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নতুন প্রযোজনা তৃতীয় একজন নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হলো। নাটকটি রচনা করেছেন সমীর দাশ গুপ্ত। নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। তৃতীয় একজন শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ১৯তম প্রযোজনা।নাটকের প্রধান চরিত্র সামীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক আর তার স্ত্রী তুলি গৃহিণী। সামীরের ব্যস্ততা এবং তার স্ত্রীর নিঃসঙ্গ জীবনে তৃতীয় একজনের আগমন নিয়েই নাটকের গল্প। সেই তৃতীয় ব্যক্তির নাম বিবেক। বিবেক ও তুলি একসময় একসঙ্গে নাচ শিখত। ঘটনাচক্রে সামীরের সঙ্গে তুলির আবার দেখা হয়। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতে থাকে। একপর্যায়ে বিষয়টি সামীর জানতে পারে। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত-কলহ। নাটক এগিয়ে চলে পরিণতির দিকে। নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা ও রওশন জান্নাত।জাপানের শিল্পীর একক চিত্রকলা প্রদর্শনী বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ শনিবার থেকে জাপানের বিশিষ্ট শিল্পী টয়োমি হোশিনার ‘চিত্রকলায় গল্প: এখানেই সেখানে-সেখানেই এখানে’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে। সন্ধ্যায় নয় দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান।গতকাল শুক্রবার দুপুরে বেঙ্গল গ্যালারিতে প্রদর্শনী উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শিল্পী টয়োমি হোশিনা, মোহাম্মদ ইকবাল এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। প্রদর্শনীতে চিত্রকর্মের সংখ্যা ৬১টি। চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।স্বপ্নদলের সেলিম আল দীন জন্মোৎসবনাট্যাচার্য সেলিম আল দীনের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নাট্য সংগঠন স্বপ্নদল-এর উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজিত এ উৎসবের স্লোগান—‘আত্মশক্তির জিয়নপরশে কালঘুম নাশে, দ্বিধা হলো লীন, নাট্যাচার্য সেলিম আল দীন’।আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমীর স্টুডিও থিয়েটারে উৎসব উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ। পুরান ঢাকায় দুই লেখকের জন্মদিনসমকালীন দুই লেখকের জন্মদিন ছিল গতকাল শুক্রবার। লেখক বুলবুল চৌধুরীর ৬৭তম এবং শেখ আবদুল হাকিমের ৬৮তম জন্মদিনটি উদ্যাপন করা হয় ঘরোয়াভাবে। বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত লেখক বুলবুল চৌধুরী জানান, তাঁর পুরান ঢাকার বাসায় লেখকবন্ধু শেখ আবদুল হাকিমকে নিয়ে জন্মদিন উদ্যাপন করেছেন। শিল্পী ধ্রুব এষ, মাহবুব রেজাসহ অনেকেই ঘরোয়া আড্ডায় শামিল হয়েছিলন।