এসেছে রেডিও সার্কেল
এসেছে ‘রেডিও সার্কেল বিডি ডটকম’। গত মঙ্গলবার সন্ধ্যায় শেরাটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই অনলাইন রেডিওর যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদার, তথ্য কমিশনার সাদেকা হালিম। আরও ছিলেন রেডিও সার্কেল বিডি ডটকমের হেড অব অপারেশনস ও পরিচালক রাতুল আশেকীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (অনুষ্ঠান) নীরব। অনুষ্ঠানের শুরুতে রেডিও সার্কেল বিডি ডটকমের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। ওবায়দুল কাদের রেডিও সার্কেল বিডি ডটকমকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানমালা প্রচারের আহ্বান জানান। রাতুল আশেকীন বলেন, ‘আমাদের রেডিওগুলোর অনুষ্ঠান কার্যক্রম শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ। প্রবাসীরা এসব রেডিওর অনুষ্ঠান শুনতে পারেন না। মূলত প্রবাসীদের কথা ভেবেই ইন্টারনেটে রেডিও সার্কেল বিডি ডটকমের যাত্রা। শুরু থেকেই ২৪ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছি।’নীরব বলেন, ‘আমাদের রেডিওটি অনলাইন হলেও যথেষ্ট মানসম্পন্ন অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছি।’ নতুন এই রেডিওটির ওয়েব ঠিকানা: www.radiocirclebd.com।