এসেছে সোলসের ‘জ্যাম’
সোলসের নতুন অ্যালবাম জ্যাম এসেছে গতকাল বুধবার। গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে যৌথভাবে প্রকাশিত হলো অ্যালবামটি। জানা গেছে, প্রথম দুই মাস শুধু গ্রামীণফোনের গ্রাহকেরা অ্যালবামটির গানগুলো শুনতে পাবেন গ্রামীণফোনের ভ্যালু অ্যাডেড সার্ভিসেস (ভ্যাস) যেমন, ওয়েলকাম টিউন, ফুল ট্র্যাক ডাউনলোড সার্ভিস ও মিউজিক রেডিওর মাধ্যমে। গতকাল বুধবার বিকেলে হোটেল রূপসী বাংলায় জ্যাম-এর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন সোলসের সদস্য ও গ্রামীণফোনের কর্মকর্তারা। নতুন এই অ্যালবামে রয়েছে ‘সোলস ফিচারিং ইউ’ প্রতিযোগিতায় বিজয়ী মাহফুজ রাহমানের লেখা গান এবং বেহালাবাদক জাহিদ আনওয়ারের পরিবেশনা। গত ১৩ জুলাই ‘সোলস ফিচারিং ইউ’ প্রতিযোগিতা শুরু হয়। সোলসের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া বলেন, ‘এভাবে ডিজিটাল প্রযুক্তিতে অ্যালবাম প্রকাশ সম্পূর্ণ নতুন ধারণা। আশা করছি, এই পদ্ধতিকে সবাই স্বাগত জানাবে।’ গ্রামীণফোনের চিফ কমিউনিকেশনস অফিসার কাজী মনিরুল কবির বলেন, ‘আমাদের দেশের তরুণেরা সুযোগ পেলেই প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম। আমরা এবং সোলস এক হয়ে তরুণদের জন্য সেই সুযোগ তৈরির চেষ্টা করেছি।’