এসেছে হূদয়ের ‘ছোঁয়া’
রাজধানীর একটি স্থানীয় রেস্টুরেন্টে গতকাল সোমবার সন্ধ্যায় হূদয় খানের ‘ছোঁয়া’ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে। এটি শিল্পীর দ্বিতীয় একক অ্যালবাম। ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় প্রকাশিত অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যান্ড সংগীত ব্যক্তিত্ব আইয়ুব বাচ্চু, পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী, সংগীতশিল্পী হাবিব, মিলন মাহমুদ, ব্র্যাক ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জীশান কিংশুক হক ও অগ্নিবীণার নাজমুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীত পরিচালক জুয়েল (জ্যু), মাইলসের ইকবাল আসিফ জুয়েল, গীতিকার শফিক তুহিনসহ হূদয় খানের শুভানুধ্যায়ীরা। প্রথম অ্যালবাম ‘বলো না’র পর হূদয় খানের এই একক অ্যালবামটি প্রকাশিত হলো। অ্যালবামের ১০টি গানেরই সুর ও সংগীত করেছেন হূদয় খান। ছোঁয়া নামক অ্যালবামটি সম্পর্কে হূদয় জানান, সব ধরনের গানই রয়েছে এতে। বেশ কিছু সফট মেলোডির পাশাপাশি হিপহপ গানও রয়েছে। তিনি আরও বলেন, ‘প্রতিটি গানই সুন্দর। তার পরও আলাদা করে বলতে পারি অ্যালবামের শিরোনামের গান “একি ছোঁয়া”র কথা।’ছোঁয়া অ্যালবামের গীতিকারেরা হলেন—গুঞ্জন চৌধুরী, তরুণ, মিলন মাহমুদ ও শফিক তুহিন। বৈশাখ উপলক্ষে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা।