এসেছে ‘গেরিলা’র গানের অ্যালবাম
স্বাধীনতার চার দশক পূর্তি হয়েছে এ বছর। মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ সমরের বাস্তব অভিজ্ঞতা ও শিল্পের নান্দনিকতার সমন্বয়ে জাতির সেই গৌরবময় সংগ্রামের ইতিহাসকে চলচ্চিত্রায়িত করেছেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ। ছবির নাম গেরিলা। আগামী পয়লা বৈশাখ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হলো গেরিলায় ব্যবহার করা গান নিয়ে অডিও অ্যালবাম। শুরু হলো গেরিলার প্রচারাভিযান।চ্যানেল আই ভবনে গেরিলার গানের সিডির মোড়ক উন্মোচন করেন সুরকার শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী ও শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, অধ্যাপক পান্না কায়সার ও সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা। ছবিতে আলতাফ মাহমুদের সুর করা তিনটি গান ব্যবহার করা হয়েছে। আর একটি গানের সুর করেছেন শিমূল ইউসুফ। ছবিটির সংগীত পরিচালনাও করেছেন তিনি। রয়েছে সামির কাওয়াল ও তাঁর দলের একটি কাওয়ালি। অন্য গানগুলো গেয়েছেন শিমূল ইউসুফ, অনিন্দিতা বৃষ্টি, লীনু বিল্লাহ, চন্দন চৌধুরীসহ অন্যান্য শিল্পী। অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লোবান-এর সঙ্গে নাসির উদ্দীন ইউসুফের গেরিলাযুদ্ধের ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্ব্বয়ে নির্মিত হয়েছে গেরিলা। সরকারি অনুদানের ছবিটি এরই মধ্যে বিনা কর্তনে ছাড়পত্র অর্জন করেছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও আরিয়াল ক্রিয়েটিভ সেন্টার। গানের অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘স্বাধীনতার ৪০ বছরে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মিত হয়েছে মাত্র ২২টি। এ ক্ষেত্রে গর্ব করার মতো অবস্থা নেই। গেরিলা মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে একটি বিশেষ মাত্রা সংযোজন করবে।’ নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘ছবির কাহিনি সত্য ঘটনানির্ভর হলেও শিল্পের দাবি মিটিয়েই তাকে উপস্থাপন করা হয়েছে। যা ঘটেছে তা তুলে ধরা এবং যা ঘটতে পারত, সেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটাই শিল্পের কাজ।’অন্যান্যের মধ্যে সংগীত পরিচালক ও পোশাক ডিজাইনার শিমূল ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহ উদ্দীন জাকি, নির্বাহী প্রযোজক এষা ইউসুফ ও পরিবেশক হাবিবুর রহমান খান বক্তব্য দেন।আরও উপস্থিত ছিলেন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও জয়া আহসান। ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, মিরানা জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, শম্পা রেজা, আহমেদ রুবেল, এস এম মহসীন প্রমুখ।