এসেছে ‘মনের মানুষ’ ছবির গানের সিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকির লালন শাহকে নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হলো চলচ্চিত্র মনের মানুষ। আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। তার আগে গত বুধবার ছবিটির গানের অডিও সিডির মোড়ক খোলা হলো কলকাতার জি ডি বিড়লা সভাঘরে। সিডিতে রয়েছে ১৭টি গান। এরই মধ্যে বাংলাদেশের কুষ্টিয়ায় লালন শাহর সমাধি প্রাঙ্গণ থেকে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। অডিও সিডির মোড়ক খোলার মধ্য দিয়ে এবার ভারতেও প্রচার শুরু হলো। অনুষ্ঠানে মনের মানুষ ছবির ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়। গানের সিডির মোড়ক খোলেন প্রখ্যাত ধ্রুপদি সংগীতশিল্পী ওস্তাদ রশীদ খান। আর সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র উদ্বোধন করেন ছবির ওয়েবসাইটের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছবির পরিচালক গৌতম ঘোষ, অভিনয়শিল্পী প্রসেনজিৎ, বাংলাদেশে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমানসহ কলাকুশলীরা। অনুষ্ঠানে লালনের গান পরিবেশন করেছে দোহার।গৌতম ঘোষ বলেন, ‘আজকের ধর্মীয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার সময়ে লালন খুবই প্রাসঙ্গিক। কেননা, লালন মিলনের কথা বলে গেছেন। সাম্প্রদায়িক ঐক্যের কথা বলে গেছেন।’ ছবিতে ‘লালন’ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। তিনি বলেন, ‘ছবি তৈরির আগে পুরোপুরি লালনে ডুব দিয়েছিলাম। এই চরিত্রে অভিনয়ের জন্য লালন গানের শিল্পী আরমান আলীকে নিজের বাড়িতে রেখে দিনের পর দিন তালিম নিয়েছি। ফকিরদের জীবনাচরণ জানার চেষ্টা করেছি। আর এই সময়টাতে বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলাম।’ছবিতে গান গেয়েছেন ফরিদা পারভীন, লতিফ শাহ, কালিকা প্রসাদ, গোলাম ফকির, সুরজিত বর্মণ, উপালি চট্টেপাধ্যায়, রাজীব দাস, অন্তরা চৌধুরী, চন্দনা মজুমদারসহ আরও অনেকে।