এসেছে ‘মনের মানুষ’ ছবির গানের সিডি
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি মনের মানুষ মুক্তি পাচ্ছে আগামী ৩ ডিসেম্বর। এর আগে বাজারে এসেছে চলচ্চিত্রটির গানের অডিও সিডি। এতে আছে লালনের ১৮টি গান, লালন সংলাপ ও শিরোনাম সংগীত। অ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন গৌতম ঘোষ। যন্ত্রসংগীত পরিচালনা করেছেন তপন কুমার দে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সুরঞ্জিত বর্মণ, কালিকা প্রসাদ, ফরিদা পারভীন, লতিফ শাহ, উপালী চট্টোপাধ্যায়, গোলাম ফকির, এনাক্ষি ভট্টাচার্য, রাজু দাস, অন্তরা চৌধুরী, পল্লব ঘোষ, চন্দনা মজুমদার ও রাজীব দাস। লালনের সংলাপগুলো বলেছেন প্রসেনজিৎ।সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে মনের মানুষ ছবির চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সংগীত পরিচালনা, সম্পাদনা ও পরিচালনা করেছেন গৌতম ঘোষ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি., আশীর্বাদ চলচ্চিত্র ও রোজ বেলি ফিল্মস। ছবিতে লালনের নামভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ।