এসেছে ‘হূদয় মিক্স থ্রি’
মুঠোফোনের পর এবার অডিও সিডি আকারে প্রকাশিত হয়েছে ‘হূদয় মিক্স থ্রি’। গতকাল মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক খোলা হয়। অ্যালবামটি বাজারে এনেছে ডেটলাইন মিউজিক। হূদয় খানের সুর ও সংগীতায়োজনে এই অ্যালবামে গান গেয়েছেন ফারাবী, হ্যাপি, আলভী, ঐশী, সামী ও রাইসা। আর চারটি গানে কণ্ঠ দিয়েছেন হূদয় খান। হূদয় বলেন, ‘এর আগে “হূদয় মিক্স ১” ও “হূদয় মিক্স ২” শিরোনামে দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রতিটি অ্যালবামে নতুন শিল্পীদের নিয়ে কাজ করেছি। এবারের অ্যালবামের শিল্পীরা একেবারেই নতুন। তবে তাঁরা সবাই চমত্কার গেয়েছেন।’গত সেপ্টেম্বরের মাঝামাঝি মুঠোফোন প্রতিষ্ঠান রবি রেডিও ৮০৮০ নম্বরে মুক্তি পায় ‘হূদয় মিক্স থ্রি’ অ্যালবামের গানগুলো। এই অ্যালবামে গান থাকছে ১০টি। এর মধ্যে হূদয় খান একক কণ্ঠে গেয়েছেন তিনটি গান। অন্য একটি গানে হূদয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আলভী। মুঠোফোন প্রতিষ্ঠান রবির উদ্যোগে একটি প্রতিযোগিতার মাধ্যমে প্রায় ৪০ হাজার প্রতিযোগী থেকে কয়েকটি ধাপে ‘হূদয় মিক্স থ্রি’ অ্যালবামের জন্য ছয়জন শিল্পী নির্বাচন করেন হূদয় খান।