এসেছেন মীর ও ব্যান্ডেজ
জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর উপস্থাপক মীর আসিফ আলী (মীর) ঢাকায় এসেছেন। সঙ্গে তাঁর ব্যান্ড ব্যান্ডেজ। দেশ টিভিতে ঈদের অনুষ্ঠানমালায় আজ রাত পৌনে ১২টায় জোকস আর গান করবে ভারতের পশ্চিমবঙ্গের এই বাংলা ব্যান্ড। এবারই প্রথম বাংলাদেশে গান করতে এসেছেন মীর ও ব্যান্ডেজ। গতকাল শুক্রবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা হয় মীরের সঙ্গে। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের নানা সমস্যা রয়েছে। কিন্তু সামান্য একটি হাসির অনুষ্ঠান (মীরাক্কেল) এই দুই বাংলার দর্শকদের মধ্যে যে মেলবন্ধন তৈরি করেছে, তা দেখে আমরা অভিভূত।’মীর জানালেন, এবারই প্রথম কোনো টিভি চ্যানেলে সরাসরি (লাইভ) অনুষ্ঠানে গান করবেন ও জোকস বলবেন তাঁরা। থাকবে মীর ও ব্যান্ডেজের চিরাচরিত মেজাজ। মীর আরও বললেন, ‘যেহেতু এবারই প্রথম এ ধরনের অনুষ্ঠান করছি; আশা করছি, আমাদের সবার বিচিত্র অভিজ্ঞতা হবে।’ ‘মীরাক্কেল’ অনুষ্ঠানের মধ্য দিয়েই জনপ্রিয় হয় ব্যান্ডেজ। এই ব্যান্ডের সদস্যরা হলেন: মীর (কণ্ঠ), দ্বীপাঞ্জন (কণ্ঠ ও ড্রামস), নীতিন (বেস গিটার), সুমন (কি-বোর্ডস), সৌরভ (কণ্ঠ ও লিড গিটার), কৌশিক (ঢোল ও পারকাশনস) এবং চিকু (তবলা)।আগামী জানুয়ারি মাসে আসছে ব্যান্ডেজের প্রথম অ্যালবাম অসামসালা।