এসো ঘুম ভাঙাই এ পৃথিবীর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে উদীচী কেন্দ্রীয় সংসদের আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের একটি দলীয় পরিবেশনা। ছবি প্রথমআলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে উদীচী কেন্দ্রীয় সংসদের আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের একটি দলীয় পরিবেশনা। ছবি প্রথমআলো।

পথনাটক ‘দানবকাল’ পরিবেশনের মধ্য দিয়ে শেষ হলো উদীচীর জঙ্গিবাদবিরোধী সপ্তাহ। বৃহস্পতিবার বিকেলে জঙ্গিবাদবিরোধী সপ্তাহর শেষ দিনে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা এবং মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানান সংস্কৃতিকর্মীরা। ২২ জুলাই শুক্রবার শুরু হয়েছিল এ কর্মসূচি।

‘জঙ্গিবাদবিরোধী সপ্তাহ’-এর সমাপনী দিন বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে উদীচী কেন্দ্রীয় সংসদ আয়োজন করে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে দেশবরেণ্য বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্র-যুব-পেশাজীবী বিভিন্ন সংগঠনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শুরুতে গুলশান ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার বিষয় নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন ঝর্ণা সরকার। উদীচীর নৃত্যশিল্পীরা জাগরণমূলক গান ‘এসো ঘুম ভাঙাই এ পৃথিবীর হয়নি দেরি আজও’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন। এরপর শুরু হয় আলোচনা সভা। উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খানের সঞ্চালনায় আলোচনার শুরুতে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সহসাধারণ সম্পাদক সংগীতা ইমাম, আদিবাসী যুব নেতা হরেন সিং, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার, উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার।

বক্তৃতা দেন উদীচীর সভাপতি কামাল লোহানী। ছবি প্রথমআলো
বক্তৃতা দেন উদীচীর সভাপতি কামাল লোহানী। ছবি প্রথমআলো

অনুষ্ঠানে জানান হয়, ‘জঙ্গিবাদবিরোধী সপ্তাহ’ কর্মসূচির অংশ হিসেবে উদীচীর প্রতিটি জেলা ও শাখা সংসদ নিজ নিজ এলাকায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করেছে। ছিল জনসচেতনতামূলক নানা কর্মসূচি। দেশের প্রায় ৫০টি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করে উদীচীর শিল্পী-কর্মীরা। এ ছাড়া উদীচী ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত শাখাগুলোও রাজধানীর বিভিন্ন পয়েন্টে জঙ্গিবাদবিরোধী অনুষ্ঠান আয়োজন করে।
আলোচনা সভার পর জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মান্ধতার বিরুদ্ধে গান পরিবেশন করা হয়। উদীচীর শিল্পীরা পরিবেশন করেন ‘এখন দুঃসময় আর নয় দেরি নয়’, ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার’, ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’, ‘যখন একা থাকি’ প্রভৃতি গান। কবিতা আবৃত্তি করেন বেলায়েত হোসেনসহ আরও বেশ কয়েকজন। সবশেষে উদীচী নাটক বিভাগের পরিবেশনায় ছিল নাটক ‘দানবকাল’।