এসো নীপবনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরুর প্রিয় ঋতু বর্ষা। ছয়টি ঋতু নিয়ে তিনি রচনা করেছেন ২৮৩টি গান। এর মধ্যে শুধু বর্ষা নিয়েই রয়েছে ১১৬টি। ‘রবীন্দ্রনাথের বর্ষার গান’ নিয়ে আলাপে মেতে উঠেছিলেন রবীন্দ্রসংগীতের জনপ্রিয় তিন শিল্পী—শামা রহমান, লাইসা আহমেদ লিসা ও অদিতি মহসীন। সেই আলাপচারিতা উঠে এসেছে প্রধান রচনায়।—একটা ব্যাপার খেয়াল করেছ—আজ (সোমবার) সকাল থেকে আকাশটা কেমন মুখ ভার করে রেখেছে।—হ্যাঁ, সেটাই তো হবে। এখন যে আষাঢ় মাস। বর্ষাকাল। —এবার গ্রীষ্মে সবাই বেশ হাঁপিয়ে উঠেছিলাম। কী গরম! তখন মনে হতো, ‘তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে।’—যখন আষাঢ় শুরু হলো, তখন নিজের অজান্তেই গেয়ে উঠেছিলাম, ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে।’ রবীন্দ্রনাথ যেন আমাদের মনের কথাই বলে গেছেন তাঁর গানে।—আগে রাস্তায় ছোট ছোট ছেলেমেয়ের হাতে অনেক কদম ফুল দেখতে পেতাম। বর্ষার সঙ্গে বৃষ্টির এক নিবিড় সম্পর্ক—ধরণি আর গগনের মিলন হয় এ সময়। ‘ধরনীর গগনের মিলনের ছন্দে, বাদলবাতাস মাতে মালতীর গন্ধে।’ তেমনি আছে কদম ফুল। ‘বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান।’‘রবীন্দ্রনাথের বর্ষার গান’ নিয়ে এভাবেই আলাপ জমে উঠেছিল রবীন্দ্রসংগীতের জনপ্রিয় তিন শিল্পী শামা রহমান, লাইসা আহমেদ লিসা আর অদিতি মহসীনের সঙ্গে। গানের মানুষের সঙ্গে কথা, তাই কথার ফাঁকে ফাঁকে গান তো আসবেই।রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু বর্ষা। ছয়টি ঋতু নিয়ে তিনি রচনা করেছেন ২৮৩টি গান। এর মধ্যে শুধু বর্ষা নিয়েই রয়েছে ১১৬টি।অদিতি বললেন, ‘শান্তিনিকেতনে প্রতিবছরই বেশ ঘটা করে আয়োজন করা হয় বর্ষামঙ্গল অনুষ্ঠান। রবীন্দ্রনাথ নিজেই এটা শুরু করেছিলেন। বর্ষা মানেই যখন-তখন বৃষ্টির আশঙ্কা, তাই অনুষ্ঠানটি হতো নাট্যঘরে। শুনেছি, বর্ষামঙ্গল অনুষ্ঠান এলেই শান্তিদেব ঘোষ আর শৈলজারঞ্জন মজুমদারসহ সবাই অপেক্ষা করে থাকতেন রবীন্দ্রনাথের নতুন গানের জন্য। প্রতিটি বর্ষামঙ্গল অনুষ্ঠানেই রবীন্দ্রনাথ নতুন কোনো গান সবাইকে উপহার দিতেন।’বর্ষার সঙ্গে প্রকৃতির সম্পর্কটা যে কারও মনকে নাড়া দিয়ে যায়। মুহূর্তেই মনের কোণে নিজের আপন মানুষটির জন্য প্রেম এসে উঁকি দেয়। প্রকৃতির সবুজ মনকে আন্দোলিত করে। ইট, কাঠ আর পাথরের নগরে বর্ষাকে এখন আর এভাবে কেউ অনুভব করতে পারে না।লিসা বললেন, ‘ঢাকা শহরে ফ্ল্যাটের খাঁচায় বন্দী হয়ে এখন যে বর্ষা সবাই দেখছে, তার সঙ্গে আমার বর্ষার কোনো মিল নেই। আমি বড় হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়। ওই সময় বর্ষার যে রূপ দেখতে পেতাম, তা এখন স্বপ্নের মতো মনে হয়। ধুলোবালি হারিয়ে গিয়ে প্রকৃতি যেন সবুজে সবুজে ভরে যেত। রবীন্দ্রনাথের বর্ষার গানের সঙ্গে একেবারে মিলে যেত।’বর্ষার স্মৃতি মনে করতে করতেই লিসা হারিয়ে গেলেন সেই ফেলে আসা দিনগুলোতে। শান্ত কণ্ঠে বললেন, ‘গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে যায়, চলাচল শান্ত, তখন যদি বৃষ্টিটা শুরু হয়—খুব ঘন বৃষ্টি, সেই বৃষ্টিটাকে খুব আপন মনে হয়। অন্ধকারের বৃষ্টি আমার খুব পছন্দ।’কথা শেষ করেই গেয়ে উঠলেন, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরানসখা বন্ধু হে আমার।’শামা বললেন, ‘বর্ষা ঋতুটাকেই আমার খুব আপন মনে হয়। একটা ভালো লাগা, প্রেম আবার বিষাদ—সবই আছে এর মধ্যে। বর্ষার সঙ্গে নিজের জীবনের একটা মিল খুঁজে পাই। এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি। বর্ষা নিয়ে রবীন্দ্রনাথের কিছু গান আমার খুব প্রিয়—“মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে”, “বন্ধু, রহো রহো সাথে”, “আজি তোমায় আবার চাই শুনাবারে”, “গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা”। আরেকটা ব্যাপার, বর্ষার শুরুতে আগে বৃষ্টিভেজা মাটির গন্ধ খুব উপভোগ করতাম। এখন আর সেটা পাই না।’অদিতি বললেন, ‘আমি যখন শান্তিনিকেতনে প্রথম গিয়েছিলাম, তখন সময়টা ছিল আষাঢ় মাস। শুরুতেই ওখানে বর্ষার যে রূপ দেখেছিলাম, আমার মনটা মুহূর্তেই ভরে গিয়েছিল। এরপর ওখানে ছিলাম সাত বছর। আমার বর্ষার সব স্মৃতিই শান্তিনিকেতনকে ঘিরে। বর্ষা এলেই কিছু গান আমি নিজে থেকেই করি—“আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে”, “আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে”, “নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে”, “আজি তোমায় আবার চাই শোনাবারে”, “আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে”, “ঝর-ঝর বরিষে বারিধারা”।’আর লিসার প্রিয় গানগুলো হলো, ‘এসো শ্যামল সুন্দর’, ‘আমার দিন ফুরালো’, ‘গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে’, ‘বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা’, ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’সহ আরও কিছু।লিসা বললেন, ‘রবীন্দ্রনাথের প্রতিটি গানে একটা ছবি আছে। আমরা তো সবাই গান করি কিংবা শুনি। কেউ কিন্তু গানটা পড়ি না। একটু মন দিয়ে পড়লে এবং বোঝার চেষ্টা করলে যে-কেউ ওই ছবিটা দেখতে পাবে।’অদিতি বললেন, ‘এ কথা একেবারেই সত্যি। এই যেমন ধরুন বর্ষার গান। গানগুলোর মধ্যে আছে প্রকৃতির বন্দনা, প্রেম এবং সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা। রবীন্দ্রনাথ তাঁর পরিণত বয়সে বর্ষার যে গানগুলো রচনা করেছিলেন, সেখানে খুব বেশি দেখা যায় ঈশ্বরচেতনা, মানবপ্রেম আর সঙ্গে প্রকৃতির বন্দনা। গানগুলোতে এই সব কটি ব্যাপারই একাকার হয়ে গেছে। এটা না পড়লে বোঝা যায় না।’শামা বললেন, ‘রবীন্দ্রনাথ কিন্তু প্রেমের মধ্যেও বর্ষাকে দেখেছেন। গীতবিতান-এর প্রেম পর্যায়ের অনেক গানেই এ ব্যাপারটা দেখতে পাই। তাই বর্ষার সময় অনেকেই প্রেম পর্যায় থেকে কিছু কিছু গান করেন। ওই গানগুলো শুনলে মনেই হবে না তা প্রেম পর্যায়ের। যেমন “অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে”। এটা রবীন্দ্রনাথ বেশ পরিণত বয়সে রচনা করেছিলেন।’বর্ষা ঋতু এই তিন শিল্পীর এতটাই প্রিয় যে তাঁদের সব অ্যালবামেই আছে বর্ষার গান। অদিতি বললেন, ‘আমার প্রতিটি অ্যালবামেই আছে বর্ষার গান। কদিন আগেই ভারতের এইচএমভি থেকে বেরিয়েছে এমন দিনে তারে বলা যায়। অ্যালবামটি রবীন্দ্রনাথের প্রেমের গান নিয়ে হলেও দুটি আছে বর্ষার গান।’শামা বললেন, ‘আমার অ্যালবাম মানেই তাতে বর্ষার গান থাকতে হবে। গত বছর ভারতের হিন্দুস্তান রেকর্ডস থেকে বেরিয়েছে গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা। এর পুরোটাই কিন্তু রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে।’লিসা জানালেন, নিজের সব অ্যালবামেই তিনি বর্ষার গান করেন। আগামী অ্যালবামে রাখবেন ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ গানটি।ইদানীং পয়লা আষাঢ় নানা সংগঠন ‘বর্ষাবরণ’ অনুষ্ঠানের আয়োজন করছে। সেখানে নানা গানের পাশাপাশি রবীন্দ্রনাথের বর্ষার গানই বেশি গাওয়া হয়। এ ব্যাপারটিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন এই তিন শিল্পী।এরপর ছবি তোলার পালা। গত সোমবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে তাঁরা তিনজনই এসেছিলেন নীল শাড়ি পরে। কারণ বর্ষার রং যে নীল।