ঐতিহ্য-তালিকায় জামদানির অন্তর্ভুক্তি
বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি ইউনেসকোর আওতাধীন ‘বিশ্বসভ্যতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকা’য় স্থান পেয়েছে। বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, ৪ ডিসেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে ইউনেসকোর উদ্যোগে অনুষ্ঠিত এক সম্মেলনে বাংলাদেশের জামদানিকে এ স্বীকৃতি প্রদান করা হয়। সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি তাদের প্রস্তাবসহ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত ৩১টি প্রস্তাব যাচাই-বাছাই করে সর্বোচ্চ মানসম্পন্ন সাতটি প্রস্তাবকে চূড়ান্তভাবে বিবেচনা করা হয়। এর মধ্যে বাংলাদেশের ‘ঐতিহ্যবাহী জামদানি বুনন শিল্প’ শীর্ষক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে এবং ইউনেসকোর বিশ্বসভ্যতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়।
এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ইউনেসকোতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শহিদুল ইসলাম। বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, পরিচালক সাহিদা খাতুন এবং জামদানি বিশেষজ্ঞ ফিরোজ মাহমুদ।