ঐতিহ্যের বর্ণাঢ্য সম্ভার
একজন দক্ষ বংশীবাদকের সুরের মায়াজালে মগ্ন হয় মানুষ। আপাতদৃষ্টিতে বাঁশি দেখলে মনে হবে বাঁশের তৈরি নির্দিষ্ট আয়তনে কতগুলো ছিদ্রের সমাহারে একটি বাদ্যযন্ত্র। অথচ এর মধ্যে রয়েছে সামঞ্জস্য আর পরিমিতির অনন্যতা। সেই পরিমিতি মেনেই ঝিনাইদহের কুমিরা গ্রামের কমল চন্দ্র সরকার সৃষ্টি করে চলেছেন বাঁশের বাঁশি, যিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছেন সৃষ্টির অনবদ্য এক পথে। কত মানুষ তাঁর বাঁশি বাজিয়েছেন, কতবার নিজে বাঁশি বাজিয়ে মানুষকে মুগ্ধ করেছেন, তাঁর হিসাব করা কঠিন। গতকালের সন্ধ্যাটি ছিল তাঁর জন্য বিশেষ একটি মুহূর্ত। সৃজন আনন্দে পরিপূর্ণ এই বাদ্যযন্ত্রশিল্পী পেলেন শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার।গতকাল শনিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার-১৪১৭ দেওয়া হয়। এতে বাদ্যযন্ত্রশিল্পী শাখায় কমল চন্দ্র সরকার ছাড়াও চিকনকারী সূচিশিল্পে নারায়ণগঞ্জের শিল্পী রানী বিশ্বাস, চাড়মাজাত সামগ্রী বিভাগে ঢাকার রতন চন্দ্র দাস ও বয়ন-নকশা বিভাগে টাঙ্গাইলের কার্ত্তিক বসাক পুরস্কার পান। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বক্তৃতা করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি শাহিদ হোসেন।পদক প্রদান শেষে প্রধান অতিথি পাঁচ দিনব্যাপী কারুমেলা উদ্বোধন করেন। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে এই কারুমেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। কারুমেলায় ২৩টি কারুশিল্পমাধ্যমে মোট ৪২ জন শিল্পী অংশ নিয়েছেন। তাঁরা তুলে ধরেছেন দেশের ঐতিহ্যমণ্ডিত কারুপণ্যের বর্ণাঢ্য সম্ভার। প্রদর্শনীতে স্থান পেয়েছে পটচিত্র, হাতপাখা, সুতার পাখা, বাঁশ ও বাঁশি, শোলা, টেপা পুতুল, দারুশিল্প, লক্ষ্মীর সরা, মৃৎশিল্প, পাটশিল্প, তঞ্চঙ্গ্যা বয়নশিল্প, একতারা, দোতারা, কাগজ কাটা, শতরঞ্জি, শখের হাঁড়ি, নকশিকাঁথা, মুখোশ, কাঁসা-পেতল, হোগলা, বটনিপাটি, শীতলপাটি ইত্যাদি।উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে লোকগান পরিবেশন করেন চন্দনা মজুমদার।অনুষ্ঠানে জানানো হয়, হারিয়ে যাওয়া হস্ত ও কারুশিল্প অন্বেষণ, ঐতিহ্য পুনরুদ্ধার এবং কারুশিল্পীদের উৎসাহিত করার লক্ষ্যে এ বছর কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন প্রথমবারের মতো যৌথভাবে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ও কারুমেলা প্রবর্তন করেছে। এখন থেকে প্রতিবছর কারুশিল্পের চারটি ক্ষেত্রের শ্রেষ্ঠ শিল্পীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা মূল্যমানের পুরস্কার দেওয়া হবে।জনপ্রিয় বাংলা গাননিয়মিত আয়োজনের অংশ হিসেবে শুদ্ধ সংগীতচর্চা ও লালনকেন্দ্র ‘সুরধ্বনি’ গতকাল আয়োজন করে ‘জনপ্রিয় বাংলা গান’ শীর্ষক গানের অনুষ্ঠান। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মহিউজ্জামান চৌধুরী, ইয়াসমিন মুস্তারি, চন্দনা মজুমদার, ছন্দা চক্রবর্তী, বদরুন্নেছা ডালিয়া ও নন্দিতা দত্ত। অনুষ্ঠান পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন সংগীতশিল্পী মঞ্জু সাহা।