ঐশীর নতুন গান 'নীলিমায়'

নতুন বছর নতুন একটি গান প্রকাশিত হতে যাচ্ছে এ প্রজন্মের গায়িকা ঐশীর। গানের শিরোনাম ‘নীলিমায়’। সাধারণত লোকসংগীত বা মেলোডি ধাঁচের গান গাইলেও তাঁর এবারের গানটি সফট রক ধাঁচের। নতুন ধাঁচের এই গানটিতে তাঁর গায়কি শ্রোতারা উপভোগ করবেন বলেও জানালেন ঐশী।
‘নীলিমায়’ শিরোনামের গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর ও সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। সম্প্রতি এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘শোনে না আজ কোনো মানা, উড়ে যায় স্বপ্ন মেলে ডানা/হবে ঠিক অজানাকে জানা, রবে না আরতো লেনাদেনা’—এমন কথার এ গানটি ইংরেজি নতুন বছরে একক হিসেবে প্রকাশিত হবে।
ঐশী বলেন, ‘গতানুগতিক গান তো প্রায়ই করা হয়। তবে এ গানটি সেই ধারার একদম বাইরে। ডেমো শোনার পরই গানটি ভালো লাগে। কণ্ঠ দেওয়ার পর যখন শুনলাম, তখন গানটি নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেকখানি। কথা ও সুরে আলাদা আবেদন খুঁজে পাবেন শ্রোতারা। আমিও আমার সর্বোচ্চটা দিয়েই গেয়েছি। “নীলিমায়” গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’
জে কে মজলিশ বলেন, ভিন্নধর্মী এ গানটি খুব ভালো গেয়েছেন ঐশী। তাঁর কণ্ঠে গানটি খুব মানিয়েছে। আমার মনে হয় গানটি ভালো লাগবে শ্রোতাদের।’
ঐশী সম্প্রতি একটি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। মিজানুর রহমান পরিচালিত এই ছবির নাম ‘রাগী’। এই গানের সংগীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ।