ঐশ্বরিয়া-ভক্ত হ্যালি বেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের কারণেই হিন্দি চলচ্চিত্র সম্পর্কে প্রথম ধারণা পেয়েছিলেন বলে জানালেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি। ঐশ্বরিয়ার রূপের প্রশংসার পাশাপাশি তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেছেন ‘বন্ডগার্ল’খ্যাত হ্যালি।বলিউড সম্পর্কে খুব বেশি কিছু না জানার কথা স্বীকার করলেও, ভারতের হাতেগোনা কয়েকজন তারকাকে চেনেন বলে জানিয়েছেন হ্যালি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘বলিউডের নাম শুনেছি। কিন্তু এই চলচ্চিত্র শিল্প সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। তবে হলিউডে পরিচিতি পেয়েছেন এমন কয়েকজন ভারতীয় তারকাকে আমি চিনি। তাঁদের মধ্যে আছেন ফ্রিদা পিন্টো, কাল পেন ও ঐশ্বরিয়া রাই।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।হ্যালি আরও বলেন, ‘ঐশ্বরিয়া রাইকে নিয়ে নির্মিত অপরাহ উইনফ্রে শোয়ের একটি পর্ব দেখার সুযোগ হয়েছিল। অনুষ্ঠানটিতে শাড়ি পরা অবস্থায় তাঁর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ২০০৭ সালে প্রচারিত ওই অনুষ্ঠান দেখেই বলিউড সম্পর্কে প্রথম ধারণা পেয়েছিলাম। ঐশ্বরিয়ার সঙ্গে এখন পর্যন্ত আমার সাক্ষাতের সুযোগ হয়নি। এমন সুযোগ পেলে অনেক ভালো লাগবে আমার।’