ঐশ্বরিয়া-শচীনের টেলিথন সাফল্য
‘কোকাকোলা-এনডিটিভি সাপোর্ট মাই স্কুল’ প্রচারণার সঙ্গে সম্পৃক্ত হয়ে সাড়ে তেরো কোটি ভারতীয় রুপি তহবিল গঠনে সফল ভূমিকা রাখলেন ঐশ্বরিয়া রাই বচ্চন এবং শচীন টেন্ডুলকার। টেলিথনের মাধ্যমে এই প্রচারণায় আরও অংশ নিয়েছেন অজয় দেবগন, কাজল, আয়ুষ্মান খুরানা, সাইরাস ব্রোয়াচা প্রমুখ। দাতব্য কিংবা সমাজসেবামূলক কাজের জন্য তহবিল গঠনের লক্ষ্যে ১৯৪৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম টেলিথন অনুষ্ঠিত হয়েছিল। টেলিভিশন এবং ম্যারাথন শব্দ দুটি জুড়ে টেলিথন শব্দের উত্পত্তি। টেলিথনের মাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা কিংবা দিনের পর দিন বিনোদনমূলক বিভিন্ন আয়োজন টেলিভিশনে সম্প্রচার করা হয়। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে টেলিথনের আয়োজন করা হয়েছে। ভারতে এই নিয়ে দ্বিতীয়বারের মতো টেলিথন অনুষ্ঠিত হলো। সম্প্রতি আয়োজিত ১২ ঘণ্টাব্যাপী ওই টেলিথনের নেতৃত্ব দেন ঐশ্বরিয়া এবং শচীন। এবারের টেলিথনটি ইউটিউব এবং শচীন টেন্ডুলকারের ফেসবুক পাতায়ও সরাসরি সম্প্রচার করা হয়েছে। গত ছয় মাস ধরে ‘সাপোর্ট মাই স্কুল’ ক্যাম্পেইনটি চলছিল। তহবিল গঠনে অর্থ সাহায্য দিয়েছে হিন্দুস্তান কোকো-কোলা বেভারেজ প্রাইভেট লিমিটেড, এসআরএফ ফাউন্ডেশন, ইউএন হ্যাবিট্যাটসহ বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ব্যক্তিগতভাবেও অনেকে এ দাতব্যে অংশ নিয়েছেন। সবমিলিয়ে তহবিলে জমা পড়েছে সাড়ে তেরো কোটি রুপি। এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।এ প্রসঙ্গে শচীন জানিয়েছেন, টেলিথন ২০১৩ আগের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। ‘সাপোর্ট মাই স্কুল’ ক্যাম্পেইনটির অবস্থান আমার হূদয়ের খুব কাছে। এবার বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে খুব ভালো লাগছে। ক্যাম্পেইনটিতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঐশ্বরিয়া। তিনি বলেন, ‘একজন মা হিসেবে আমি বুঝি, সন্তানকে সঠিকভাবে বেড়ে তুলতে সবরকম সুযোগ-সুবিধা পাওয়ার প্রয়োজন কতটা বেশি। প্রতিটি শিশুরই এসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আছে।’