ঐশ্বরিয়ার ঢঙে নাচবেন দীপিকা!
সঞ্জয় লীলা বানসালির নতুন চলচ্চিত্র ‘রামলীলা’য় গুজরাট অঞ্চলের বিশেষ নৃত্য ‘গার্বা’ নাচতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। পরিচালক সঞ্জয় লীলা বানসালি এর আগে ‘হাম দিল দে চুকে সনম’ চলচ্চিত্রে ঐশ্বরিয়া রাইকে দিয়ে একটি গানের সঙ্গে ‘গার্বা’ নাচ করেয়েছিলেন। দীপিকার কাছ থেকেও ঐশ্বরিয়া রাইয়ের মতোই নাচ চান বানসালি। তাই তিনি দীপিকাকে পরামর্শ দিয়েছেন ঐশ্বরিয়ার নাচের ভঙ্গি অনুসরণ করতে। সমসাময়িক বলিউডি তারকাদের মধ্যে ধ্রুপদি নাচে যথেষ্ট পারদর্শিতা রয়েছে তাঁর। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। ঐশ্বরিয়ার গার্বা নাচের জন্য গুজরাটের যে কোরিওগ্রাফার কাজ করেছিলেন, দীপিকার জন্যও ওই কোরিওগ্রাফারকে দায়িত্ব দিয়েছেন পরিচালক। ‘রামলীলা’ চলচ্চিত্রে দীপিকাকে অভিনয় করতে হবে ‘হাম দিল দে চুকে সনম’-এর ঐশ্বরিয়ার মতো একটি চরিত্রে। গার্বা নাচের জন্য দীপিকা প্রস্তুত হলেও তিনি কতটা ঐশ্বরিয়া হতে পারবেন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।