ঐশ্বরিয়ার মা হওয়ার খবরে বচ্চন পরিবারে খুশির বন্যা
বড় কোনো পুরস্কার হাতে আসেনি, হঠাৎ বিশাল কোনো প্রাপ্তিও ঘটেনি। তবু খুশিতে তিনি আত্মহারা, আহ্লাদে আটখানা। অমিতাভ বচ্চনের এত আনন্দের কারণ, তিনি দাদা হতে চলেছেন। বচ্চন পরিবারে আসছে নতুন অতিথি।গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকের মুখ থেকে কথাটা শোনার পর যেন তর সইছিল না অমিতাভের। রাতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখলেন, ‘খবর খবর খবর!! আমি দাদা হতে চলেছি...আর ঐশ্বরিয়া মা...অতিশয় আনন্দ ও রোমাঞ্চ বোধ করছি।’এরপর শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন বচ্চন। টুইটারে হাজার হাজার ভক্ত বচ্চন পরিবারকে জানায় শুভকামনা।কয়েক মাস ধরে ঐশ্বরিয়া রাই বচ্চন মুটিয়ে যাচ্ছিলেন। বিষয়টি অনেকে ভালো চোখে দেখেননি, এমনকি কটু-কাটব্য করতেও ছাড়েননি। কেউ কেউ বলেছিলেন, মধুর ভান্ডারকরের ছবির চরিত্রের স্বার্থেই ওজন বাড়াচ্ছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। এখন বোঝা গেল, সাবেক এই বিশ্বসুন্দরীর মুটিয়ে যাওয়ার রহস্য।১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় ওঠার পর বলিউডে ক্যারিয়ার শুরু হয় ঐশ্বরিয়ার। ২০০৭ সালে তিনি বলিউডের প্রভাবশালী বচ্চন পরিবারের ছেলে অভিষেক বচ্চনকে বিয়ে করেন।