ও মানুষ স্বপ্নটা দেখো
নাটকের জন্য একটু বেশি মাত্রায় খ্যাপা ছিলেন বলে নিজের রচিত খ্যাপা পাগলার প্যাঁচাল নাটকের সূত্রে বন্ধু-সুহূদেরা এস এম সোলায়মানের নামও দিয়েছিলেন ‘খ্যাপা পাগলা’। ২০০১ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের নাট্যাঙ্গন এই খ্যাপা পাগলাকে হারিয়েছিল।গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে খ্যাপা পাগলার স্মরণে দেওয়া ‘এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি’। ২০০৯ ও ২০১০ সালে সৃজনশীল তরুণ নাট্যকর্মী হিসেবে শাহাদাৎ হোসেন ও আনোয়ারুল হকের হাতে পদক ও বৃত্তি তুলে দেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী এবং আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। থিয়েটার আর্ট ইউনিট প্রধান রোকেয়া রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে এস এম সোলায়মান স্মারক বক্তৃতা করেন রতন সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হয় এস এম সোলায়মানের ওপর প্রামাণ্যচিত্র খ্যাপা। ছিল এস এম সোলায়মানের গান। শিল্পীরা ‘মায়ার সাগর পাড়ি দিয়ে মিশেছি মাটির কোলে’, ‘আমার এক জনমের জীবন রে’, ‘ও মানুষ স্বপ্নটা দেখো’, ‘হায় রে সিস্টেম কারে কয়, কত প্রকার কী কী’ গানগুলো গেয়ে শোনান। এরপর ছিল আলোচনা ও পদক বিতরণ।এ বছর ‘এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি’ পাওয়া শাহাদাৎ হোসেনের ঢাকায় প্রথম মঞ্চনাটকে অভিনয় ১৯৯৬ সালে। দর্শকের সমাদরে নাট্যকর্মের নেশাকে পেশায় পরিবর্তন করে ১৯৯৮ সালে যোগ দেন সেন্টার ফর এশিয়ান থিয়েটারে (সিএটি)।অপরদিকে ১৯৯৭ সালে উদীচীর কর্মশালায় যোগদানের মাধ্যমে নাটকে আসা আনোয়ারুল হকের। বর্তমানে অভিনয়, সেট ডিজাইন, রচনা ও নির্দেশনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মঞ্চজগতে। পুরস্কার বিতরণ শেষে থিয়েটার আর্ট ইউনিট মঞ্চায়ন করে তাদের জনপ্রিয় নাটক এস এম সোলায়মান রচিত ও নির্দেশিত কোর্টমার্শাল।