
ধরা খেয়ে গেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ! যে অ্যাসাঞ্জকে লাগাম পরাতে এত এত নাটক হয়ে গেল, সেই তিনি অবশেষে ধরা পড়লেন? বলে কী! না, চমকে ওঠার আগে পুরোটা তো শুনুন।
অ্যাসাঞ্জ পুলিশের ফাঁদ থেকে বাঁচতে শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছেন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে। সেখানেই তিনি আছেন রাজনৈতিক আশ্রয়ে। তাও প্রায় দেড় বছর হয়ে গেল! দূতাবাসের ছোট্ট একটা ঘরে থাকেন। খুবই সাধারণ জীবন যাপন করেন। ভাগ্য ভালো, সেখানে একটা ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার আছে। এটাই তাঁর জন্য যথেষ্ট। দেখার চোখ থাকলে ছোট্ট একটা জানালা দিয়ে পুরো আকাশটাই দেখা যায়। অ্যাসাঞ্জ এখন তা-ই করছেন। সেখান থেকেই চালিয়ে যাচ্ছেন তাঁর আন্দোলন, তাঁর উইকিলিকস।
তাহলে অ্যাসাঞ্জ ধরা খেলেন কোন হিসাবে? হিসাবটা আসলে বক্স অফিসের। যে অ্যাসাঞ্জ পুরো পৃথিবীর জন্য রীতিমতো একটা ভূকম্পন। পৃথিবীকে যিনি সত্যি সত্যিই ভীষণভাবে নাড়িয়ে দিয়েছেন। একের পর এক গুপ্ততথ্যের বিস্ফোরণ ঘটিয়েছেন, সেই অ্যাসাঞ্জ কিন্তু শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছেন বক্স অফিসে। তাঁকে এবং উইকিলিকসকে নিয়ে বানানো ছবি দ্য ফিফথ এস্টেট মোটেও নাড়া দিতে পারেনি চলচ্চিত্র জগতে। এখানেই ধরা খেয়ে গেছেন পৃথিবীকে নতুন একটা যুগে নিয়ে যাওয়া অ্যাসাঞ্জ।
বছরের শেষ প্রান্তে এসে সালতামামির চল শুরু হয়ে গেছে। এই সময় বছরের সফল ছবিগুলো, সফল তারকাদের নিয়ে গুণকীর্তন হবে। তবে ফোর্বস হাটে হাঁড়ি ভেঙেছে অন্যভাবে। তারা দিয়েছে এই বছরের সবচেয়ে ফ্লপ ১০টি ছবির তালিকা। মূলত এই তালিকায় সেই সব ছবিই স্থান পেয়েছে, যেগুলো নিয়ে প্রত্যাশার পারদ ছিল উঁচুতে। যেগুলো শেষ পর্যন্ত গোত্তা খেয়ে ভূপাতিত হয়েছে। সেই তালিকারই শীর্ষে আছে দ্য ফিফথ এস্টেট!
অবশ্যই ব্যর্থতা সত্যিকারের অ্যাসাঞ্জের নয়। এই ছবি তো আর তিনি বানাননি। এই ছবি বানানোর পরামর্শও তিনি দেননি। ছবিতে তিনি অভিনয়ও করেননি। ছবিটির গল্পও তাঁর দেওয়া নয়। বানানো হয়নি তাঁর আত্মজীবনী থেকেও। দুটো বই অবলম্বনে বানানো হয়েছে চিত্রনাট্য। একটি ড্যানিয়েল ডমশিট-বার্গের লেখা ইনসাইড উইকিলিকস: মাই টাইম উইথ জুলিয়ান অ্যাসাঞ্জ অ্যাট দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ওয়েবসাইট। অন্যটি দুই ব্রিটিশ সাংবাদিক ডেভিড লেই ও লুক হার্ডিংয়ের লেখা উইকিলিকস: ইনসাইড জুলিয়াস অ্যাসাঞ্জস ওয়ার অন সিক্রেসি।
গত অক্টোবরে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন বিল কনডন। টোয়ালাইট সিরিজের ভক্তদের কাছে নামটি খুব চেনা। টোয়ালাইট সিরিজের শেষ দুটো ছবি পরিচালনা করছেন এই কনডন। অ্যাসাঞ্জ ছবিতে অসামান্য অভিনয় করেছেন বেনেডিক্ট কামবারব্যাচ। ভীষণ জনপ্রিয় টিভি সিরিজ শার্লক-এর মূল চরিত্রে অভিনয় করে আগেই দর্শকদের মন জিতেছেন এই ৩৭ বছর বয়সী অভিনেতা।
মূল চরিত্র ঠিক আছে। চিত্রনাট্যেও যথেষ্ট রসদ আছে। পরিচালকও জানেন কীভাবে সবকিছুর রসায়নটা ঠিকঠাকমতো করতে হয়। তার পরও কেন ব্যর্থ হলো দুই কোটি ৮০ লাখ ডলারের এই ছবি। কেন সারা বিশ্বে এই ছবি আয় করল মাত্র ৬০ লাখ ডলার, বাজেটের মাত্র ২১ শতাংশ আনতে পারল কেবল টিকিট বিক্রি থেকে? উত্তরটা রহস্যমেঘের আড়ালে ঢাকা পড়ে আছে!
তালিকার দুইয়ে আছে সিলভেস্টার স্ট্যালোনের অ্যাকশন ছবি বুলেট টু দ্য হেড। আড়াই কোটি ডলার বাজেটের এই ছবি আয় করেছে মাত্র ৯০ লাখ ডলার। প্রযোজক তাঁর লগ্নির মাত্র ৩৬ শতাংশ ফিরে পেয়েছেন। হ্যারিসন ফোর্ড, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাম্বার হার্ডের মতো তারকাদের নিয়েও বছরের ‘সেরা’ ফ্লপের তালিকার তিনে আছে থ্রিলার ছবি গপ্যারানইয়া। সাড়ে তিন কোটি ডলার বাজেটের ছবিটি আয় করেছে এক কোটি ৩৫ লাখ। লগ্নির ফেরত এসেছে মাত্র ৩৯ শতাংশ।
ফেলটুসদের তালিকায় নাম লিখিয়েছেন জেনিফার লোপেজও। তাঁর সাড়ে তিন কোটি ডলারের বড় বাজেটের ছবি পার্কার আয় করেছে এক কোটি ৭০ লাখ ডলার। উঠে এসেছে লগ্নির প্রায় অর্ধেক। রাসেল ক্রো, ক্যাথরিট জিটা-জোন্সদের নিয়েও ভরাডুবি হয়েছে পরিচালক অ্যালেন হিউয়ের। ব্রোকেন সিটি সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগ করে তুলে আনতে পেরেছে মাত্র এক কোটি ৯০ লাখ।
ব্যর্থদের তালিকায় ছুঁয়ে আছে ব্যাটল অব দ্য ইয়ার। প্রযোজক হয়তো কপাল চাপড়ে বলছেন, ছবির নাম ফ্লপ অব দ্য ইয়ার রাখলেই বেশ হতো! ফেলটুস তালিকায় আছেন সেলেনা গোমেজ (গেটঅ্যাওয়ে), রবার্ট ডি নিরো (দ্য বিগ ওয়েডিং)। তাঁদের এই দুটো ছবি ব্যর্থ ছবির তালিকায় আছে যথাক্রমে সাত ও দশে।
l রাজীব হাসান