
২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর—বাংলাদেশের শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে হয়ে গেল ঢাকা থিয়েটারের ‘সেলিম আল দীন উৎসব’। ‘নতুন প্রজন্ম নতুন থিয়েটার’ শিরোনামে এই নাট্যোৎসবে পাঁচজন নবীন নির্দেশকের চারটি নতুন নাটক মঞ্চে এনেছে ঢাকা থিয়েটার।
নির্দেশক এশা ইউসুফের পরিচালনায় গল্প নিয়ে গল্প নাটকটি মঞ্চস্থ হয় উদ্বোধনী দিনে। আধুনিক শরীরী ভাষা, অ্যাক্রোবেটিক কোরিওগ্রাফিও ভিন্নতর মঞ্চসজ্জার মাধ্যমে মানবিক প্রত্যাশা আর প্রাপ্তির পরস্পরবিরোধী অবস্থান এবং প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে নাটকটিতে। অভিনেতারা তাঁদের সাবলীল অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। বিশেষ করে ‘সূর্যাই’ চরিত্রে তারিকুল ইসলাম ও ‘শ্রীপদ’ চরিত্রে অনিক ইসলামের অভিনয় দারুণ উপভোগ্য ছিল। তবে গল্পের আবেশ তৈরি হতে না হতেই নাটকটির আকস্মিক সমাপ্তিতে দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
ওয়াসিম আহমেদ ও সাজ্জাদ রাজীবের যৌথ নির্দেশনায় অমৃত উপাখ্যান নাটকটি পরিবেশিত হয়। সেলিম আল দীনের লেখা উপন্যাস অমৃত উপাখ্যান থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন পরিচালকদ্বয়। ঢাকা থিয়েটারের বর্ণনাত্মক নাট্যরীতির সঙ্গে ঐতিহ্যবাহী বাংলা নাট্যরীতির মার্জিত মিশ্রণ ও স্যাডো পাপেটের ফর্মের সুচারু প্রয়োগের মাধ্যমে নাটকটি নান্দনিকভাবে উপস্থাপিত হয়েছে দর্শকের সামনে। মঞ্চসজ্জায় পটচিত্রের ব্যবহারও নতুনত্ব সৃষ্টি করেছে নাটকটিতে।
রুবাইয়াৎ আহমেদের নির্দেশনায় ইতি পত্রমিতা নাটকে ইউরোপীয় ‘কমেডিয়া দেল আর্তে’ ও বাংলার লোকজ সঙপালার মিশ্রণ ঘটিয়ে নির্দেশক নির্মল হাস্যরসের বিপুল আয়োজন ঘটিয়েছেন। তবে হাস্যরস সৃষ্টির জন্য শারীরিক অঙ্গভঙ্গির অতিব্যবহার ও সংলাপের পুনরুক্তি দর্শকের কাছে দৃষ্টি ও শ্রুতিকটু মনে হতে পারে।
সামিউন জাহান দোলার নির্দেশনায় ঊষা উৎসব নাটকে বিশ্বভুবনের মঙ্গল কামনাই ছিল মূল বক্তব্য। নৃত্যকে অবলম্বন করে বর্ণনাত্মক রীতির আঙ্গিকে নাটকটি পরিবেশিত হলেও অগোছাল অভিনয় আর দ্রুত সংলাপ ব্যবহারের কারণে কোথাও কোথাও নাটকটির গাম্ভীর্য ক্ষুণ্ন হয়েছে। প্রস্তুতি সম্পূর্ণ না করেই যেন তাড়াহুড়ো করে মঞ্চে নিয়ে আসা হয়েছে নাটকটি।
‘সেলিম আল দীন উৎসব ২০১৪’-এর আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল ‘দবয়ন বয়ান’ ও ‘সময় ও সময় খনন’ নামে খ্যাতিমান শিল্পী দিলারা বেগম জলির দুটি ভিডিও স্থাপনা চিত্র। সময় ও সভ্যতার জালে আটকে পড়া নারীর পরাধীনতা ও গার্মেন্টসের অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকের আহাজারিকে কেন্দ্র করে শিল্পী তাঁর ভিডিও আর্ট দুটি প্রদর্শন করেছেন।
চারটি নাটকই আঙ্গিক, উপস্থাপনা ও নির্দেশনায় পরস্পর থেকে স্বতন্ত্র ও নিজস্ব ছিল। বিচ্ছিন্ন ভুল ও সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিটি নাটকেই ছলকে উঠেছে সম্ভাবনার অগুনতি ফুলকি। কখনো তা প্রকাশ পেয়েছে ব্যতিক্রমী মঞ্চসজ্জায় ও অভিনব অভিনয়শৈলীতে; কখনো বা আঙ্গিক ও নাট্যরীতির ভিন্নতর প্রকাশে।
‘আত্মশুদ্ধি ছাড়া শিল্পের সফলতা এক বড় ফাঁকি’—সেলিম আল দীনের অমৃত উপাখ্যান নাটকের এই পঙ্ক্তিটিকেই ঢাকা থিয়েটার যেন ধারণ করেছে তাদের নাট্যচর্চায়। তাই নির্দ্বিধায় নবীনের হাতে ঐতিহ্য ও সাফল্যের তারকাখচিত ঝান্ডা তুলে দিতে কার্পণ্য করেনি তারা। প্রত্যাশার যে বীজ নবীনের সৃষ্টিচেতনায় তারা গুঁজে দিয়েছে, তা একদিন নিশ্চিতভাবেই মহিরুহ হয়ে ছায়া বিলাবে বাংলা নাটকের প্রশস্ত উঠানে।