ওকে দিয়ে হবে

আশপাশেই তো ঘুরঘুর করে শিমুল। কম্পিউটারে একটি লেখা অর্ধেক লিখে এসে বলে, ‘মহড়া ছিল, লেখাটা যদি কাল...।’ কী বলতে চায়, না বোঝার কোনো কারণ নেই। সময়মতো মহড়ায় না গেলে দলের লোকেরা অখুশি হবে। বলবে, নিজের কাজ বাদ দিয়ে সাংবাদিক হয়ে গেছ! সুতরাং, ওকে ছেড়ে দিতে হয়। মহড়ায় গিয়ে সেখান থেকেই ফোন করে বলে, ‘এখানে এমন একটা ঘটনা ঘটেছে, লিখে ফেলি?
’ কখনো ‘হ্যাঁ’, কখনো ‘না’ শুনতে হয় ওকে। কিন্তু কেন ‘না’—সে প্রশ্ন করে না। ওর সম্পর্কে একটু খোঁজ নিই। শুনি, আমাদের লাজুক এই প্রদায়ক মহড়াকক্ষে অন্য এক মানুষ। অভিনয়ে-কৌতুকে আশপাশের মানুষকে মাতিয়ে রাখার এক সহজাত ক্ষমতা আছে ওর। তাই দলের শীর্ষস্থানীয় কর্মীদের স্নেহ-ভালোবাসায় সিক্ত হয়। ভালোই তো পড়াশোনা করেছে। সেরা ফলাফল করেছে যে বিষয়ে, তার সঙ্গে পারফর্মিং আর্টের কোনো যোগাযোগ নেই। কিন্তু ভালোবাসার জায়গাটিকে অগ্রাহ্য করতে না পেরে মঞ্চ-টেলিভিশনই ওকে কেড়ে নিয়েছে। অন্য পেশার প্রতি আগ্রহ নেই আর। নাটকে একটা ভালো চরিত্রে অভিনয় করে নিজেকে অন্যের মনে ঠাঁই দেওয়ার স্বপ্ন এখন ওকে বিভোর করেছে। এরই মধ্যে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে ওকে দেখে অবাক হই! আরে! আমাদের এই লাজুক শিমুল তো ভালোই করছে সেখানে! জলের পার নামে একটি তথ্যচিত্রে ওকে দেখে বুঝতে পারি, ও পারবে। এখন তো টিভি নাটক আর বিজ্ঞাপনে ওকে ডাকছে মানুষ। অন্য অনেকের মতোই ছাত্র থাকাকালীন চট্টগ্রামের প্রমা আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল শিমুল। চট্টগ্রামের নাট্যধারার হয়ে অভিনয় করে শিখণ্ডি কথায়। ২০০৭ সাল থেকে আরণ্যকের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছে ছেলেটা। ওর কোন গুণটা ভালো লাগে?
শিল্পীর সঙ্গে কর্মী মনটার সংযোগ। এ যুগে তারকা হওয়ার প্রতিযোগিতায় অনেকেই যখন ধরাকে সরা জ্ঞান করছে, তখন শিমুল দলের ছোটখাটো কাজেও নিজেকে দক্ষ করে তুলছে। টিমওয়ার্ক বিষয়টির প্রতি ওর শ্রদ্ধা আছে বলেই মনে হয়, ও পারবে এগিয়ে যেতে। ছোট থেকেই বড় হতে চাইছে শিমুল, তাই পথের বাধাগুলো পেরিয়ে যাওয়ার শক্তি সঞ্চয় করা ওর জন্য কঠিন হবে না। ইদানীং একটি মুঠোফোনের বিজ্ঞাপনে ওর নির্ভাষ অভিনয় নজর কেড়েছে অনেকেরই। জলের পার তথ্যচিত্রেও ওর অভিনয় ক্ষমতার পরিচয় পাওয়া গেছে। টার্গেট প্লাটুন নাটকে ওকে খুঁজে পাওয়া শক্ত হলেও তাতে দলের প্রতি দায়বদ্ধতার ইঙ্গিত সহজেই পাওয়া যায়। ওকে প্রশ্ন করেছিলাম, ‘তোকে দিয়ে কি হবে?’
মাথা নিচু করেছিল সুজাত হোসেন। মঞ্চ ও টেলিভিশনে যার পরিচয় সুজাত শিমুল নামে। অস্ফুট স্বরে বলেছিল, ‘চেষ্টা করব।’ এই বিনয় ও চেষ্টা করার অভিপ্রায়ে মুগ্ধ হই।মনে হয়, ওকে দিয়ে হবে।