ওজন কমাতে মরিয়া সোনাক্ষী

বাড়তি ওজনের কারণে বলিউডে পা রাখার পর থেকেই নানা সমালোচনা শুনে শুনে কান ঝালাপালা হওয়ার জোগাড় হয়েছিল ‘দাবাং’ অভিনেত্রী সোনাক্ষী সিনহার। কিন্তু বরাবরই শরীরের বাড়তি মেদ নিয়ে মোটেও অসন্তুষ্ট নন বলেই জানিয়েছেন প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী। দেরিতে হলেও অবশেষে ওজন কমানোর হুঁশ হয়েছে তাঁর। ইদানীং শরীরের বাড়তি মেদ ঝরানোর জন্য রীতিমতো উঠেপড়ে লেগেছেন ২৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
ওজন কমিয়ে মেদহীন আকর্ষণীয় শারীরিক অবয়ব পাওয়ার জন্য কিছুদিন ধরেই শরীরচর্চার পেছনে প্রচুর সময় ব্যয় করছেন সোনাক্ষী। ঘাম ঝরানোর কাজটা করার জন্য তিনি নিজের বাড়ির টেরাসকেই বেছে নিয়েছেন। কিন্তু গত কয়েক দিন বাড়ির বাইরে থাকায় প্রিয় টেরাসে শরীরচর্চা করা হচ্ছে না তাঁর। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।
এ প্রসঙ্গে সম্প্রতি এক টুইটার বার্তায় সোনাক্ষী লিখেছেন, ‘কখনোই ভাবিনি আমার মুখ দিয়ে এমন কথা বের হবে। তার পরও বলছি, টেরাসে শরীরচর্চা করতে না পারার অভাব খুব বেশি অনুভব করছি। সেখানে ফিরে গিয়ে শরীরচর্চা করার জন্য মনটা অস্থির হয়ে উঠেছে। একটুও তর সইছে না।’
২০১০ সালে ‘দাবাং’ ছবির মাধ্যমে সোনাক্ষীর বলিউড অভিষেক হয়। ছবিটিতে সালমান খানের বিপরীতে তাঁর সাবলীল অভিনয় প্রশংসিত হলেও কিছুটা মুটিয়ে যাওয়া শারীরিক অবয়বের কারণে অনেক তির্যক মন্তব্য শুনতে হয় সোনাক্ষীকে। কিন্তু তার পরও শরীরের ওজন কমানোয় মনোযোগী না হওয়ায় পরবর্তী সময়ে অনেকেই পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার এ নায়িকাকে ‘মোটা’ বলে খ্যাপানোর চেষ্টা করেন।
আবার অনেকে অভিযোগ করেন, সোনাক্ষীর শরীর মোটেও বিকিনি পরার উপযোগী নয় বলে প্রয়োজনেও তিনি এ রকম পোশাকের ধারে-কাছে যান না। অনেকের কাছ থেকেই মেদ ঝরিয়ে হালকা-পাতলা হওয়ার পরামর্শ পেয়েছেন সোনাক্ষী। কিন্তু কখনোই তিনি কারও কথায় কান দেননি। বরং শরীরের ওজনসংক্রান্ত প্রশ্ন শুনলেই বেজায় চটে যেতেন তিনি।

একবার এক সাক্ষাত্কারে সোনাক্ষী বলেছিলেন, ‘ভারতে একটু মুটিয়ে যাওয়া নারীদেরই আদর্শ ভাবা হয়। দর্শকেরা আমাকে এমন রূপে দেখতেই পছন্দ করেন। কখনোই শরীরের বাড়তি ওজন নিয়ে মাথা ঘামাই না আমি। এটা আমার কাছে কোনো বিষয়ই না। এমন নয় যে, কিছুটা মোটা হওয়ার কারণে আমার কর্মক্ষমতা কম। বরং পাতলা গড়নের যে কারও চাইতে আমি অনেক বেশি পরিশ্রম করতে পারি বলেই আমার বিশ্বাস। শরীরের বাড়তি মেদ নিয়ে আমি মোটেও অসন্তুষ্ট নই।’
ক্ষোভ প্রকাশ করে সোনাক্ষী আরও বলেছিলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে শরীরের ওজনসংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর আর আমি দেব না। এতে করে বিষয়টি নিয়ে কেউ আজেবাজে কিছু লেখার সুযোগ পাবে না। আমি শোরগোল না পাকিয়ে নীরবে কাজ করে যেতেই পছন্দ করি। অন্য কিছু নয়, স্রেফ কাজ দিয়েই সবার মন জয় করতে চাই আমি।’
বলিউড অভিষেকের চার বছর পর অবশেষে ওজন কমানোর প্রয়োজনীয়তা অনুভব করেন সোনাক্ষী। চলতি বছরের শুরুর দিক থেকেই ওজন কমানোর যুদ্ধে নামেন এই বিহার সুন্দরী। সমালোচকদের মুখ বন্ধ করতে অভিনব এক পন্থা বেছে নেন সোনাক্ষী। দীর্ঘক্ষণ পরিশ্রম শেষে নিজের ‘সেলফি’ তুলে টুইটারে পোস্ট করেন তিনি। গত জানুয়ারি মাসের শেষ দিকে সোনাক্ষীর তোলা ছবিটিতে কালো পোশাকে নতুন এক সোনাক্ষীকে দেখে তাঁর ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায়।