ওজন নিয়ে থোড়াই কেয়ার ঐশ্বরিয়া
মা হওয়ার ছয় মাসের মাথায় ভালোই ওজন বেড়েছে বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের। মুটিয়ে যাওয়ায় দেশে এবং দেশের বাইরে বেশ কিছুদিন ধরেই তাঁকে নিয়ে চলছে নানা সমালোচনা। এসব এত দিন মুখ বুঁজে সহ্য করলেও এবার তিনি মুখ খুলেছেন। জানিয়েছেন, মা হওয়ার পর মুটিয়ে যাওয়ায় মোটেও বিচলিত নন তিনি।সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ঐশ্বরিয়া। তাঁর উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘নিন্দুকের নেতিবাচক এবং কড়া মন্তব্যে আমার কিছুই যায় আসে না। এখন আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মা। মা হওয়ার পর অনেক মেয়েই মুটিয়ে যান। আমার ক্ষেত্রেও সেটা ঘটেছে। এতে আমি মোটেও বিচলিত নই।’এই নিয়ে ১১ বারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন ঐশ্বরিয়া। এবারের উত্সবে ভারতের ঐতিহ্যবাহী চিকনকারী শাড়িতে সবার সামনে নিজেকে তুলে ধরেছেন। বরাবরের মতো এবারও ঐশ্বরিয়া এবং তাঁর পোশাকের প্রশংসা করেছেন সবাই। কান উৎসবে এ বছর তাঁর সঙ্গী হয়েছে মেয়ে আরাধ্য। মেয়ের জন্য প্রায় সারা রাত জেগে থাকতে হয়েছে তাঁকে। কিন্তু এ নিয়েও তাঁর কোনো অভিযোগ নেই। বরং মাতৃত্বের প্রতিটি মুহূর্তকে উপভোগ করছেন বলেই জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।