ওজন বাড়ায় পিটের পেছনে লেগেছেন জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি হলিউডের অভিনেতা ব্র্যাড পিটের শরীরের ওজন কিছুটা বেড়েছে, কোমরের আশপাশে হালকা মেদও জমেছে! বিষয়টি একদমই সহ্য করতে পারছেন না অ্যাঞ্জেলিনা জোলি। দ্রুত ওজন কমিয়ে পিট যাতে আগের অবয়বে ফিরে আসতে পারেন, সে জন্য তাঁকে একরকম না খাইয়েই রাখছেন জোলি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ইন্দো এশিয়ান নিউজ জানিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা টিভি সেটের সামনে বসে থাকছেন পিট। বেশির ভাগ সময়েই রান্নাবিষয়ক অনুষ্ঠান দেখানো হয় এমন টিভি চ্যানেল দেখছেন তিনি। রান্নাবিষয়ক অনুষ্ঠানগুলো তাঁর খুবই পছন্দের। খুব বেশি প্রয়োজন না হলে তিনি টিভি সেটের সামনে থেকে নড়ছেন না। খিদে পেলে নিজেই স্যান্ডউইচ বানিয়ে গোগ্রাসে গিলছেন। প্রচুর বিয়ারও খাচ্ছেন তিনি। এমন আয়েশ করে সময় কাটানোয় এরই মধ্যে তাঁর শরীরে বাড়তি মেদ জমেছে। সূত্রটি আরও জানিয়েছে, পিটের এ অবস্থা দেখে যার পর নাই বিরক্ত জোলি। তিনি পিটকে যত দ্রুত সম্ভব ওজন কমানোর নির্দেশ দিয়েছেন। পিটের খাওয়া-দাওয়ার ওপর কঠোর নজরদারির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। পেটে মেদ জমায় যখন-তখন তাঁকে নিয়ে হাসাহাসি করছেন, লজ্জা দিচ্ছেন। শরীরের ওজন কমানোতে পিটকে মনোযোগী করতেই এসব করছেন জোলি।