
আমার প্রথম প্রেম ছিল হালকা ব্যর্থতার গল্প। তিনটি কারণে এই অবস্থা। আমরা কোথায় থাকতাম, সে জায়গার নাম বলাটা ঠিক হবে না। এতে করে অন্যরা বিব্রত হতে পারে। আর একটা বিষয়ে ঝেড়ে কাঁশা দরকার। আসলে এটাকে প্রেম বলাটা ঠিক হবে না। মেয়েটির প্রতি হৃদয় মোচড় দেওয়া ভালোবাসা ছিল। তবে তা টিনএজ বয়সের প্রথম দিকের আবেগ। এটাকে পাত্তা দেওয়া খুব কাজের কথা হবে না। তবে এ-ও ঠিক, এটা তো আমার নির্মল আবেগ। প্রথমেই বলতে চেয়েছিলাম তিনটি কারণ। এগুলো তুলে ধরা দরকার। প্রথম বিষয়টি হলো, আমি কখনো এ বিষয়ে মেয়েটির সঙ্গে কথা বলিনি। আমরা একই পাড়ায় থাকতাম। মেয়েটির সঙ্গে নিয়মিতই দেখা হতো। কিন্তু তার সঙ্গে কথা বলতে পারতাম না। আমার ভালো লাগাটা ঠিক ছিল ‘মনে মনে মনকলা’ খাওয়ার মতো। সে আমাদের বাসায় বেড়াতে আসত। আমার সামনে আসত, কিন্তু তখন আমি ‘সাময়িকভাবে’ যেন অন্ধ হয়ে যেতাম। চোখে তেমন কিছু দেখতাম না, চুপচাপ দাঁড়িয়ে থাকতাম।
দ্বিতীয় কারণ, পাড়ার ছেলেদের ব্যবহার। মেয়েটি এত অল্প বয়সে তাদের কটু কথার শিকার হতো। তবে সেটা মারাত্মক না হলেও বিষয়টি আমার কাছে খারাপ লাগত। তাদের অনেক নিষেধ করেছি, কিন্তু সেটা চলত। তখন আমার মনে হয়, আমার প্রস্তাব পেয়ে মেয়েটিও যদি তাদের কাতারে আমাকে ফেলে! যদি আমার প্রস্তাবকে সে খারাপভাবে নেয়! এ জন্য তাকে আর ভালো লাগার কথা বলার সাহস হয়নি। হয়তো আমাকে একটু লাজুক বা ভীতু মনে হতে পারে। পরিবেশটা আসলে এমনই ছিল।
তা ছাড়া মেয়েটির পক্ষ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত আমি পাইনি। সে আমার প্রতি নির্লিপ্তই থেকেছে। তাই হয়তো আমাদের বিষয়টি নিভৃতেই হারিয়ে গেছে। তবে একটা কথা বলে নেওয়া ভালো, আমাদের বয়সটা খুবই কম ছিল। ওটা ছিল বাল্য-ভালো লাগা। কিন্তু সুন্দর একটি আবেগ ও ভালোবাসা।