ওটা 'শোধ' ধারাবাহিকের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী নাগ
মৌসুমী নাগ

(সোমবার) সকালে কয়েকবার ফোন করেছি। পাইনি। খুব ব্যস্ত?
হ্যাঁ, পুবাইলে। একটা নাটকের শুটিং হচ্ছে। আগামী রোজার ঈদের জন্য তৈরি হচ্ছে। নাটকের নাম জামাই বন্দী। মজার গল্প। গত বছর কোরবানির ঈদে বাংলাভিশনে প্রচার হয়েছিল জামাই পাগল নামে একটি নাটক। জামাই বন্দী ওই নাটকেরই সিক্যুয়াল।
এখনই ঈদের কাজ শুরু করেছেন?
নাটকটি তৈরি করছেন সালাহউদ্দিন লাভলু। শুনেছি তিনি শিগগিরই চলচ্চিত্রের কাজ শুরু করবেন। তাই প্রয়োজনীয় কাজগুলো আগে থেকেই শেষ করছেন। 
‘লঙ্গরখানা’ নাটকের কী খবর?
শুটিং শেষ। এই কাজটা করতে গিয়ে অনেক মজা হয়েছে। গল্প, সংলাপ, অভিনয়—সবকিছুতেই হাসির একটা ব্যাপার ছিল। নাটকটি লিখেছেন বদরুল আনাম সৌদ আর পরিচালক নরেশ ভূঁইয়া। এর আগে সৌদের পরিচালনায় উপসংহার ধারাবাহিকে কাজ করেছি। নরেশ ভূঁইয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি খুব টেনশন করেন। 

আপনি তো চলচ্চিত্রে অভিনয় করছেন?
রানআউট ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে। কিছুদিন আগে আমি আর সজল কুতুবদিয়ায় গিয়েছিলাম ছবির একটা গানের শুটিং করতে। অনেক বছর আগে ওই চরে ভাত দে ছবির শুটিং করেছিলেন শাবানা। আমরা সেখানে দুই দিন কাজ করেছি। এরপর কাজ করেছি বান্দরবানে। ছবিটি পরিচালনা করছেন তন্ময় তানসেন।

কিছুদিন আগে ফেসবুকে আপনার বিয়ের একটা ছবি দেখেছি।
ওটা শোধ ধারাবাহিকের ছবি। আমার সঙ্গে অভিনয় করছেন শোয়েব। আগামী ১ মার্চ থেকে গাজী টিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। প্রযোজনা করছেন পথিক। এর আগে পথিকের কাচের পুতুল, অগ্নিপথ আর জননী ধারাবাহিকে কাজ করেছিলাম। 

বিনোদন প্রতিবেদক