ওডারল্যান্ডকে নিয়ে তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মার্চ! জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটার এক বিদেশি কর্মকর্তার মনেও লাগে যুদ্ধের উত্তাপের আঁচ। শুরুতে বাংলাদেশের হয়ে গুপ্তচরের কাজ করলেও পরে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। যুদ্ধ শেষে তাঁকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীক উইলিয়াম এ এস ওডারল্যান্ড। তাঁকে নিয়ে গতকাল বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখানো হলো তথ্যচিত্র বীর প্রতীক ওডারল্যান্ড, আ হিরো অব ফ্রিডম।
তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘পৃথিবীতে কিছু বিষয় আছে সর্বজনীন। দেশ, কাল অতিক্রম করে সবাই সেগুলোকে সমর্থন করেন, স্বীকার করেন। যেমন গণতন্ত্র, বাক্স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। যারা বিবেকবান মানুষ, তাঁরা আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন। সেই সূত্র ধরে ওডারল্যান্ড শুধু আমাদের সমর্থনই করেননি, আমাদের হয়ে যুদ্ধও করেছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রধান এ কে আবদুল মোমেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার লে. জেনারেল (অব.) মাসুদউদ্দিন চৌধুরী, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, পিএসসির সাবেক প্রধান ইকরাম আহমেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন মাহবুবুর রহমান ও প্রযোজনা করেছেন পি আর প্ল্যাসিড।