ওপার বাংলার শিল্পীরা আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নভেম্বরে দুই বাংলার চলচ্চিত্র তারকারা মিলিত হবেন একই মঞ্চে। দিনব্যাপী থাকবে নানা আয়োজন। আয়োজনে আরও যোগ দেবেন দুই বাংলার সংগীতশিল্পীরা।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হবে। শিল্পী সমিতির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফেরদৌস বলেন, ‘আমি কিছু কাজ করার জন্য নির্বাচন করেছি। প্রথম কাজ হিসেবে দুই বাংলার শিল্পীদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে কলকাতায় গিয়ে আমি সেখানকার শিল্পীদের সঙ্গে কথা বলেছি। কলকাতার শিল্পীরাও এ ধরনের আয়োজনে সাড়া দিয়েছেন।’ জানা গেছে, নভেম্বরে এই আয়োজনের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম ব্যবহারের অনুমতি চাওয়া হবে। যদি কোনো কারণে সেটা না পাওয়া যায়, তাহলে মিরপুর স্টেডিয়াম ব্যবহারের অনুমতি চাওয়া হবে। প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে বিকেল থেকে হবে চলচ্চিত্র উৎসব। এরপর সন্ধ্যায় শুরু হবে শিল্পীদের নাচ-গান। এ আয়োজন থেকে অর্জিত অর্থ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুস্থ শিল্পীদের তহবিলে দেওয়া হবে বলেও ফেরদৌস জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা একটি বড় তহবিল গড়তে যাচ্ছি। এ আয়োজন দিয়ে আমরা সেই কার্যক্রম শুরু করতে চাই।’ জানা গেছে, কলকাতার শিল্পীদের মধ্যে থাকবেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, দেব, জিৎ, কোয়েল মল্লিক, স্বস্তিকা, প্রিয়াঙ্কা ত্রিবেদীসহ অনেকেই।