
১ আগস্ট থেকে সুইজারল্যান্ডের লোকার্নোতে শুরু হয়েছে লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭১ তম আসর। চলচ্চিত্র নিয়ে বিশ্বের মর্যাদাপূর্ণ এই উৎসব চলবে ১১ আগস্ট পর্যন্ত। ২০১৬ সাল থেকে এই উৎসব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ, সে বছরই উৎসবের ‘ওপেন ডোর্স’ বিভাগে দক্ষিণ এশীয় দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়। এ বছর ওপেন ডোর্সে দক্ষিণ এশীয় দেশের অংশগ্রহণ শেষ হচ্ছে।
এই তিন বছর লোকার্নো উৎসবে জায়গা করে নেয় তরুণ বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের কাজ। উৎসবের ওপেন ডোর্স বিভাগে তিনটি কার্যক্রমের আয়োজন করা হয়ে থাকে। ওপেন ডোর্স হাবে অংশ নেয় নির্মাতাদের পরবর্তী ছবির চিত্রনাট্য। ওপেন ডোর্স ল্যাবে কর্মশালায় অংশ নেন প্রযোজকেরা। আর ওপেন ডোর্স স্ক্রিনিংয়ে প্রদর্শিত হয় নির্মাতাদের তৈরি ছবি।
ওপেন ডোর্স কার্যক্রম শুরু হয় ২০০৩ সাল থেকে। যেসব দেশে বাণিজ্যিক ধারার বাইরে বিকল্পধারায় ছবি নির্মাণের পরিবেশ নেই, সেসব দেশের চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের কাজ এতে স্থান করে নেয়। কার্যক্রমটি শুরু হয় কিউবা থেকে। এরপর একে একে লাতিন আমেরিকা, ভারত, মধ্য এশিয়ার দেশগুলোর নির্মাতাদের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়।
২০১৬ সালে লোকার্নো উৎসব তিন বছরের জন্য দক্ষিণ এশিয়ার আটটি দেশ নিয়ে শুরু করে তিন বছর মেয়াদি ওপেন ডোর্স কার্যক্রম। দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান ও মিয়ানমার। লোকার্নো উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর কার্লো চ্যাটরিয়ান তাঁর আনুষ্ঠানিক বার্তায় বলেছেন, ‘গত তিন বছরে ওপেন ডোর্স নতুন একটি প্রজন্মের নির্মাতা ও প্রযোজকদের ছবি নির্মাণের নতুন ধারাগুলো জানা ও বোঝার সুযোগ করে দিয়েছে। সাংস্কৃতিকভাবে প্রাচুর্যময় একটি অঞ্চলকে এই কার্যক্রম তুলে ধরেছে, আন্তর্জাতিকভাবে যাদের কোনো প্রতিনিধিত্ব ছিল না। এটা লোকার্নোর জনসাধারণ ও চলচ্চিত্রের মানুষদের একটি নতুন চিত্রভাষা শোনার সুযোগ করে দিয়েছে।’
২০১৬ সালে ওপেন ডোর্স হাবে দুটি চিত্রনাট্য ছিল বাংলাদেশের-ইশতিয়াক জিকোর সিনেমা, সিটি অ্যান্ড ক্যাটস ও কামার আহমাদ সাইমনের ডে আফটার টুমরো। এর মধ্যে কামারের চিত্রনাট্য পুরস্কার জেতে। ওপেন ডোর্স ল্যাবে অংশ নেন বাংলাদেশের তিনজন প্রযোজক-আদনান ইমতিয়াজ আহমেদ, আবু শাহেদ ইমন ও রুবাইয়াৎ হোসেন। ওপেন ডোর্স স্ক্রিনিংয়ে প্রদর্শিত হয় মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন, কামারের শুনতে কি পাও ও রুবাইয়াতের আন্ডার কনস্ট্রাকশন। কামারের ছবিটি ছিল ওই বছরের উদ্বোধনী ছবি। এ ছাড়া প্রদর্শিত হয়েছিল বাংলাদেশের তিনটি স্বল্পদৈর্ঘ্যের ছবি-ইশতিয়াক জিকোর সেভেন টোয়েন্টি ডিগ্রিস, মাহদী হাসানের আই অ্যাম টাইম ও আবু শাহেদ ইমনের দ্য কনটেইনার।

২০১৭ সালে বাংলাদেশের একমাত্র অংশগ্রহণ ছিল ওপেন ডোর্স হাবে। রুবাইয়াৎ হোসেনের মেড ইন বাংলাদেশ চিত্রনাট্যটি সেখানে নির্বাচিত হয়েছিল। গত দুই বছরে এই বিভাগে বাংলাদেশ অন্য দেশের তুলনায় এগিয়ে ছিল। দুবারই আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ জিতেছে বাংলাদেশের চিত্রনাট্য। প্রথমবার কামার আহমাদ সাইমনের পাণ্ডুলিপি পায় পুরস্কার, দ্বিতীয়বার রুবাইয়াতের।
এবার ওপেন ডোর্স হাবে নির্বাচিত হয়েছে মাহদী হাসানের স্যান্ড সিটি ছবির চিত্রনাট্য। এর প্রযোজক রুবাইয়াৎ হোসেন। আর ওপেন ডোর্স ল্যাবে অংশ নিচ্ছেন প্রযোজক আরিফুর রহমান। ওপেন ডোর্স স্ক্রিনিংয়ে আছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের লাইভ ফ্রম ঢাকা। এ ছাড়া আছে দুটি স্বল্পদৈর্ঘ্য ছবি মাহদী হাসানের ডেথ অব আ রিডার ও অং রাখাইনের দ্য লাস্ট পোস্ট অফিস।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক সার্কিটে বেশ কয়েক বছর ধরেই আমাদের গ্রাফটা ওপরের দিকে যাচ্ছে। ওপেন ডোর্স সেই ধারাবাহিকতারই ফল। অবশ্যই আমি বিশ্বাস করি, সামনে এটা আরও বাড়বে। কেবল যারা ওপেন ডোর্সের সাপোর্ট পেল, তারাই শুধু এটা ওপরের দিকে নেবে তা না। এর বাইরেও অনেক মেধাবী তরুণ আছে, যারা আমাদের সময়ের জরুরি গল্পগুলো বলার ক্ষমতা রাখে। আমি তাদের দিকেও আশা নিয়ে তাকিয়ে আছি।’
২০১৬ সালে কামার আহমাদ সাইমন ওপেন ডোর্সের শ্রেষ্ঠ পুরস্কারও জিতেছিলেন। এর সুবাদে পিয়াতজা গ্রান্দার মতো সম্মানজনক মঞ্চে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। কামারের কাছে জানতে চাই, গত দুই বছরে বাংলাদেশ এই সুযোগ কতটা কাজে লাগাতে পারল? জবাবে তিনি বললেন, ‘এত সব অর্জন বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে একটা বার্তা দিচ্ছে বলে আমি মনে করি। আজ যে লাতিন বা ইরানি বা কোরীয় ছবির এত জয়গান, আন্তর্জাতিক অঙ্গনে তাদের যাত্রাও কিন্তু শুরু হয়েছিল এ রকম ছোট ছোট পদক্ষেপে। আসলে আমরা অনেক দিন ভুলভাল কিছু উৎসবকে বড় করে দেখে নজরটাই ছোট করে ফেলেছি। লোকার্নোর মতো “এ” ফেস্টিভ্যালের ওপেন ডোর্সে অংশগ্রহণ নতুন প্রজন্মের জন্য বাতিঘরের মতো কাজ করতে পারে।’