ওবামাকে সমর্থন জানালেন ব্র্যাড পিট
মা জেন পিট রিপাবলিকান প্রার্থী মিট রমনির সমর্থক হলেও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামাকে পছন্দ ব্র্যাট পিটের। সম্প্রতি ওবামার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন এই ‘ওশান’স ইলেভেন’ তারকা। লন্ডনের মে ফেয়ার হোটেলে নিজের অভিনীত নতুন ছবি ‘কিলিং দেম সফটলি’র বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন পিট। সেখানেই ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমার ভোট বারাক ওবামাই পাবেন। আমি ওবামার সমর্থক এবং তাঁর নির্বাচনী প্রচারণায়ও অংশ নিচ্ছি।’সমকামী বিয়ের প্রতি ওবামার সমর্থনের কারণে কিছুদিন আগে তাঁর সমালোচনায় মুখর হয়েছিলেন পিটের মা জেন। তবে এ বিষয়ে আবারও ওবামার পক্ষ নিয়েছেন পিট। পিটের ভাষ্য, ‘সমকামী বিয়ে অপ্রত্যাশিত কোনো বিষয় নয়। আজ না হয় কাল এটি অবশ্যই বাস্তব রূপ পাবে। কারণ, আগামী প্রজন্ম সমকামী বিয়ের পক্ষে।’২০০৬ সালে পিট ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ে বৈধ ঘোষণা না করা পর্যন্ত তিনি অ্যাঞ্জেলিনা জোলিকে বিয়ে করবেন না। চলতি বছরের এপ্রিলে বাগদান সেরেছেন পিট ও জোলি। কাকতালীয়ভাবে এর পরের মাসেই সমকামী বিয়ের পক্ষে নিজের সমর্থনের কথা জানান বারাক ওবামা।