ওবামার চাকরি গানের ফর্দ তৈরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে অনলাইনে গান শোনার সাইট স্পটিফাই। গানের ফর্দ তৈরির একজন লোক দরকার তাদের। আবেদনকারীর অবশ্যই বিচক্ষণ একটি জাতিকে কমপক্ষে আট বছর চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। হতে হবে বিনয়ী ও শান্তিতে নোবেলজয়ী। হোয়াইট হাউস ছাড়ার আগেই এই বিজ্ঞপ্তি দেখে খুব খুশি আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।
নিজেদের ওয়েবসাইটের কর্মসংস্থান বিভাগে ‘প্রেসিডেন্ট অব প্লে লিস্ট’ পদ সৃষ্টি করেছে স্পটিফাই। যে কেউ বুঝবেন, পদটি ওবামার জন্য। যেন বেকার প্রেসিডেন্টের জন্য সান্ত্বনা, ‘চিন্তা নেই, কর্ম খালি আছে।’ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড্যানিয়েল গত সোমবার টুইটারে ওবামাকে ওই লিংকটি দিয়ে লিখেছেন, ‘শুনলাম, স্পটিফাইতে কাজ করতে চান। এটা (লিংক) দেখেছেন নাকি?’
পদটির কর্মীকে বিচিত্র সব গানের ফর্দ তৈরি করতে হবে। ওবামার জন্য কাজটি নতুন কী! ২০১৫ সাল থেকে স্পটিফাইতে পছন্দের গানের ফর্দ শেয়ার করছেন তিনি। তাতে ছিল নিনা সাইমন, বব মার্লির মতো শিল্পীদের গান। সে বছর বড়দিনে শেয়ার করেছিলেন মারিয়া ক্যারির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গানটি।
‘স্পটিফাইতে চাকরির সুযোগ খুঁজছি’—গত সপ্তাহে মজা করে সুইডিশ রাষ্ট্রদূতের স্ত্রী নাটালিয়াকে বলেছিলেন ওবামা। সে জন্যই বোধ হয় সুইডেনের কোম্পানি স্পটিফাই তাঁর জন্য একটি পদ সৃষ্টি করেছে। বিবিসি।