ওবামার পছন্দের গান

স্ত্রী-কন্যার জন্য উপহার কিনতে এসেছেন বলে যখন তিনি জানালেন, বিক্রয়কর্মীর ঘোর যেন তখনো কাটেনি। আর দশটা মানুষের মতো প্রেসিডেন্ট ওবামা যে হুট করেই কোনো দোকানে ঢুকে কেনাকাটা শুরু করবেন— সেই বিষয়টাও যেন সবার কাছে রূপকথার মতোই। ঘটনাটা গত বছরের। অবশ্য এভাবে খবরের শিরোনাম তিনি আরও হয়েছেন। মার্কিন প্রেসিডেন্টেরও যে একটা ব্যক্তিগত জীবন থাকে, সে জীবনের পছন্দ-অপছন্দও আছে, তাই যেন অনেকের কাছে বিস্ময়কর ব্যাপার। ‘পিপলস’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা যখন তাঁর পছন্দের গানের নাম বললেন, তখনো অনেকে বিস্ময় গোপন করতে পারেননি। ভাবখানা এমন, ‘মিস্টার প্রেসিডেন্ট তাহলে গানও শোনেন!’ ওবামা অবশ্য শুধু গানের কথাই বলেননি। চলতি বছরের পছন্দের সিনেমা, বইসহ আরও অনেক কথাই বলেছিলেন সেদিন।
ওবামার পছন্দের গানের তালিকাটা শুরু হয়েছে ‘হাউ মাচ আ ডলার কস্ট’ গানটি দিয়ে। এ গানটি কেনড্রিক লামারের ‘টু পিম্প আ বাটারফ্লাই’ অ্যালবামের। ২০১৬ গ্র্যামি অ্যাওয়ার্ডসে এই মার্কিন র্যাপার মনোনয়ন পেয়েছেন ১১টি বিভাগে। কোনো একক বছরে দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যামি মনোনয়ন এটি। ১৯৮৪ সালে সর্বোচ্চ ১২টি বিভাগে মনোনয়নের রেকর্ডটা মাইকেল জ্যাকসনের দখলে।
এদিকে, ফার্স্টলেডি মিশেল ওবামার পছন্দ ব্রুনো মার্সের ‘আপটাউন ফাঙ্ক’। এ গানটিও এবারের গ্র্যামিতে তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছে।
এ বছরের সিনেমাগুলোর মধ্যে ম্যাট ডেমন অভিনীত ‘দ্য মারটিয়ান’ সবচেয়ে ভালো লেগেছে বারাক ওবামার। আর মিশেলের পছন্দ অ্যানিমেশন-‘ইনসাইড আউট’।
২০১৫ সালে প্রকাশিত বইগুলোর মধ্যে লরেন গ্রফের লেখা ‘ফেটস অ্যান্ড ফিউরিস’ পছন্দ বারাক ওবামার। ফার্স্টলেডির পছন্দ এলিজাবেথ অ্যালেক্সান্ডারের ‘দ্য লাইট অব দ্য ওয়ার্ল্ড’। পিপল ম্যাগাজিন।