ওমরাহ পালন করতে গেছেন শাকিব খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। চলতি মাসের ১০ তারিখ তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন। শাকিব খান সৌদি আরবে পৌঁছার বিষয়টি এক খুদেবার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ওমরাহ পালন করব। অবশেষে আমার সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আল্লাহর অশেষ রহমতে ওমরাহ পালন করার উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছি।’শাকিব আরও বলেন, ‘আমি মনে করি, মানুষের ভালোবাসা পেয়ে আজ আমার যে অবস্থান, তা আল্লাহর রহমত না থাকলে কখনোই সম্ভব হতো না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্যই এই ওমরাহ পালনের সিদ্ধান্ত।’ জানা গেছে, ওমরাহ পালন শেষে ২০ আগস্ট ঢাকায় ফিরবেন শাকিব খান।গত কয়েক বছরের মতো এবারের ঈদেও শাকিব খানের সর্বাধিক ছবি মুক্তি পাচ্ছে। এবারের ঈদের আটটি ছবির চারটিই শাকিব খানের। এগুলো হচ্ছে: সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’, সাফিউদ্দিন সাফির ‘ঢাকার কিং’, শাহীন-সুমনের ‘খোদার পরে মা’ এবং এফ আই মানিকের ‘মাই নেম ইজ সুলতান’। ছবিগুলোতে শাকিবের সহশিল্পীরা হলেন নিপুণ, সাহারা, অপু বিশ্বাস ও তিন্নি। এ ছাড়া এবারের ঈদে শাকিব খানকে ছোটপর্দার বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা যাবে।