ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের ঢোকা নিষেধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর, চলবে ২৬ মে পর্যন্ত। আগামী ৭ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস এবং শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেদিন নিজের দলের খেলা দেখতে মাঠে যেতে পারবেন না কিং খান। কারণ ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা ঝুলছে তাঁর ওপর। গত বছরের ১৬ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) কর্তৃপক্ষ এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে অশোভন আচরণের দায়ে শাহরুখকে আজীবন নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে তাঁর ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই নিষেধাজ্ঞা এখনও বলবত্ থাকায় এবারের আইপিএল আসরে সেখানে প্রবেশ করতে পারছেন না শাহরুখ। এর মধ্যেই শাহরুখ যাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশ করতে না পারেন সে সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তাকর্মীদের। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘পিটিআই’। এ প্রসঙ্গে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব নিতিন দালাল বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত কেউই ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। এই সিদ্ধান্ত নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য নয়, সবার জন্যই প্রযোজ্য। সম্প্রতি এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে আইপিএল কর্তৃপক্ষ, ক্রিকেট দলের অধিকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে।’