ওয়াহিদুল ও কাইয়ুম স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াহিদুল হক ও কাইয়ুম চৌধুরীকে স্মরণ করল কণ্ঠশীলন। তাঁদের ‘কোনখানে রাখব প্রণাম’ প্রযোজনার একটি দৃশ্য  l ছবি: প্রথম আলো
ওয়াহিদুল হক ও কাইয়ুম চৌধুরীকে স্মরণ করল কণ্ঠশীলন। তাঁদের ‘কোনখানে রাখব প্রণাম’ প্রযোজনার একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

চলতি মাসের ৯ মার্চ চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী এবং ১৬ মার্চ ছিল সংস্কৃতিব্যক্তিত্ব ওয়াহিদুল হকের জন্মদিন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই দুই শিল্পীকে স্মরণ করল সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলন। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে আয়োজন করা হয় এক আলোচনা, কবিতা ও গানের অনুষ্ঠানের।
অনুষ্ঠান শুরু হয় মিতা হকের কণ্ঠে ‘বড় বিস্ময় জাগে’ রবীন্দ্রসংগীত দিয়ে। এরপর ওয়াহিদুল হককে নিয়ে লেখা কবি শামসুর রাহমানের কবিতা পড়েন জহিরুল হক খান এবং কাইয়ুম চৌধুরীকে নিয়ে আবুল খায়ের মুসলেউদ্দিনের কবিতা পড়েন শামীমা নাজনীন।
কণ্ঠশীলনের প্রাণপুরুষ ওয়াহিদুল হক এবং সাবেক সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরীর জন্মদিনকে কেন্দ্র করে এ অনুষ্ঠানে আলোচনা করেন কাইয়ুম চৌধুরীর ছেলে মাইনুল ইসলাম জাবের, নাট্যজন আতাউর রহমান, শিল্পী মুস্তাফা মনোয়ার ও কণ্ঠশীলনের আহ্বায়ক সন্জীদা খাতুন।
আতাউর রহমান আলোচনার একপর্যায়ে আবৃত্তি করেন রবীন্দ্রনাথের কবিতা।
মুস্তাফা মনোয়ার বলেন, ‘বাঙালির চিন্তার প্রসারে এই দুটি মানুষের অবদান রয়েছে।’
সন্জীদা খাতুন বলেন, ‘কণ্ঠশীলন শুধু কণ্ঠের চর্চা নয়, জীবনের চর্চা করে। সংগঠনটির গঠনতন্ত্র তৈরির সময় ওয়াহিদুল হক বলেছিলেন, নানা ধরনের বিদ্যায় নিজেদের সমৃদ্ধ করা হবে এই সংগঠনে। তিনি শুধু একজন ভালো সংগঠক ছিলেন না, ছিলেন একজন স্বাপ্নিকও। কাইয়ুম চৌধুরী আমার প্রথম বইয়ের প্রচ্ছদটি করেছিলেন। তিনি খুব ঘোরাতেন। পরে বুঝলাম, সহজে কেন কাজ দিতেন না। তিনি আগে কাজের ভেতরে প্রবেশ করতেন বলেই সময় নিতেন।’
কণ্ঠশীলনের প্রযোজনা ‘কোনখানে রাখব প্রণাম’ পরিবেশন করেন কণ্ঠশীলনের শিল্পীরা। আবৃত্তি করেন কণ্ঠশীলনের শামীমা নাজনীন, জহিরুল হক খান, এনায়েত কাজল, মাসুমা জাহান, ইভা মণ্ডল ও আলতাফ হোসেন।
আবৃত্তির পর গান করেন ফারহিন খান জয়িতা, লাইসা আহমেদ ও মহিউজ্জামান চৌধুরী।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বিশ্ব যুব নাট্যোৎসব
শিশুদের ঘোড়ার গাড়ি ভ্রমণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল উদ্যাপিত হয় বিশ্ব শিশু–কিশোর ও যুব নাট্য দিবস।
পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের উদ্যোেগ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল শিশুদলের সংগীত পরিবেশনা, লোকনাট্য দলের ‘ক্লাউন শো’ এবং অনিক বোস, শুক্লা সরকার, রেখা ও বন্ধুমহলের দলীয় নৃত্য।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আলোচনা সভায় অংশ নেন লিয়াকত আলী ও এস এম মহসিন।